চট্রগ্রাম প্রতিনিধিঃ করোনা ভাইরাসের দুর্যোগে একদিকে মানুষের জীবন যাত্রা অচল অপর দিকে মালিক কর্তৃপক্ষের অমানবিক আচরণ। একেই বলে মরার উপর খাঁড়া। জীবনের ঝুঁকি নিয়ে অফিসে আসা-যাওয়া এবং লকডাউন হওয়াতে খরচের চাহিদাও বেড়ে দ্বিগুন। স্বাভাবিকের চেয়ে অনেক বেশি খরচ পোহাতে হচ্ছে আমাদের।
তাঁর উপর মার্চ মাসের পুরো বেতন না পাওয়ার অনটনের পাশাপাশি বেসরকারি ল্যাবএইড হাসপাতালের চট্টগ্রাম শাখার কর্মকর্তা-কর্মচারীরা আছেন ছাঁটাই আতঙ্কে। তাদের দাবি মার্চ মাসের বেতন কাউকে দিয়েছে অর্ধেক, কাউকে দিয়েছে ২১ দিনের। আবার এপ্রিল মাসে অনেককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর অভিযোগও তুলেছেন তারা। তবে কর্তৃপক্ষ বলছে সবার বেতন পরিশোধ করা হয়েছে, কাউকে চাকরি থেকে ছাঁটাই করা হবে না। গুজব ছড়িয়ে কেউ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারী বলেন, প্রতি মাসে আমাদের বেতন ব্যাংকের মাধ্যমে দেওয়া হতো। মার্চ মাসের বেতনের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে মাসের অর্ধেক বেতন দেওয়া হয়েছে। তারপর দেওয়া হয়েছে ৭ দিনের। এরপর ২৮ এপ্রিল পর্যন্ত (মঙ্গলবার) আমরা মার্চের বাকি ৭ দিনের বেতন পাইনি।
ছাঁটাইয়ের আতঙ্কে থাকা কর্মীরা জানান, ৩০ জনের বেশি স্টাফকে বেতন না দেওয়ার শর্তে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। এরপর তাদের মধ্যে অর্ধেককে ডেকে মে মাসের প্রথম ১৫ দিন ডিউটি করতে বলা হয়েছে। বাকিদেরকে পরের ১৫ দিন ডিউটি করতে বলেছে। এই সময়ে আমরা ১৫ দিন কাজ করে ১৫ দিন বেকার থাকতে হবে। বেতন পাবো অর্ধেক। করোনার কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়তি। এই টাকায় আমাদের সংসার চলবে কিভাবে?
তারা বলেন, স্বাভাবিক সময়ে আমাদের হাতেই তো মালিক পক্ষের প্রতি মাসে লাখ লাখ টাকা লাভ হয়। বেশি লাভ যখন হয়েছে তখন তো কর্তৃপক্ষ আমাদের বেশি বেতন দেয়নি। এখন করোনা দুর্যোগ শুরু হওয়ার এক মাসের মাথায় এটা আমাদের সাথে অমানবিক আচরণ।
এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে ল্যাবএইড ব্যবস্থাপনা পরিচালক ডা. এএম শামীম বলেন, ‘একজন কর্মকর্তা-কর্মচারীকেও চাকরি থেকে ছাঁটাই করা হয়নি, হবেও না। মার্চ মাসের বেতন আমরা পরিশোধ করেছি। এপ্রিলের স্যালারি স্টেটমেন্টও রেডি হচ্ছে। সবাই যথাসময়ে পেয়ে যাবেন।’
ল্যাবএইডের চট্টগ্রাম ব্রাঞ্চ ইনচার্জ নাঈমুর রহমান বলেন, ‘মার্চ মাসের বেতন আমরা দুই ভাগে দিয়েছি। যখন সব কিছু বন্ধ হয়ে যাচ্ছিল তখন সবাইকে ১৫ দিনের বেতন পরিশোধ করেছি যাতে বন্ধের সময়ে কারো হাত খালি না থাকে। বাকি অর্ধেক পরে পরিশোধ করা হয়েছে। যদি কেউ বন্ধের কারণে অফিসে আসতে না পারে, সেক্ষেত্রে দুই-একজন বাকি থাকতে পারেন। তবে আমাদের থেকে কাউকে বেতন বন্ধ রাখা হয়নি। নিয়ম অনুযায়ী মে মাসের প্রথম সপ্তাহে সবাই এপ্রিলের বেতন পেয়ে যাবেন।’
১৫ দিনের ডিউটি কমিয়ে আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘করোনার কারণে রোগী প্রায় নেই বললেই চলে। তারাই জানিয়েছে অফিসে আসতে অনেকের কষ্ট হয়। তখন আমরা তাদের ওপর বিষয়টা ছেড়ে দিয়েছি। কিন্তু কারও বেতন কর্তন কিংবা চাকরিচ্যূতির বিষয়টি আমরা আলোচনাই করিনি। আমাদের হাসপাতাল চালু করার পর্যায়ে আছে। তখন তো আমাদের জনবল আরো লাগবে। ছাঁটাই কেন করতে যাবো?’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.