হাহাকার পরিস্থিতি পর্যটন শহর কক্সবাজারের

ওয়ান নিউজ ডেক্সঃ  করোনার প্রভাবে কক্সবাজার জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে ভরা মৌসুমেও খা খা করছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। পাশাপাশি ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বন্ধসহ টানা সাপ্তাহিক বন্ধের সময়ে পর্যটন শহরের প্রায় চার শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউজসহ কটেজগুলোর সব বুকিং বাতিল হয়ে যাওয়ায় চরম হতাশ পর্যটন শিল্পনির্ভর ব্যবসায়ীরা। বলতে গেলে হাহাকার পরিস্থিতি পর্যটন শহরে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, ডায়াবেটিক পয়েন্ট, পর্যটন এলাকা হিমছড়ি, দরিয়া নগর, সৈকতের সী-গাল পয়েন্ট, মোটেল শৈবাল মোড়, বালিকা মাদ্রাসাসহ আশপাশ এলাকা ঘুরে দেখা যায়, সৈকত একেবারেই পর্যটকশূন্য। কোথাও একজন পর্যটক কিংবা স্থানীয় লোক দেখা যায়নি। সমুদ্রের বিশাল ঢেউয়ের সাথে খা খা করছে পুরো সৈকতের দীর্ঘ বালিয়াড়ি আর ঝাউবাগান। কয়েকদিন আগেও সৈকতের একেকটি পয়েন্টে ৪০-৫০টি কিটকট (ছাতায়) পর্যটকদের বসার জন্য জায়গা দিতে হিমশিম খেতো ব্যবসায়ীরা। সেখানে এই কিটকটগুলো এখন খালি পড়ে আছে। কিছু স্থানে কিটকট তুলেও ফেলেছে ব্যবসায়ীরা।

কিটকট ব্যবসায়ী মো. হোসেন বলেন, ‘কক্সবাজার জনমানব শূন্যের পাশাপাশি সব কিছুই শূন্য হয়ে গেছে। সৈকতে ধু ধু বালুচর ছাড়া কিছুই নেই। যে কটি কিটকট রেখেছিলাম তাও তুলে ফেলেছি। যে পরিস্থিতি বিরাজ করছে তা মহান আল্লাহ অতীতে আর কখনও দেখাননি।’

পর্যটন এলাকার কলাতলীর মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, ‘করোনাভাইরাসের কারণে কক্সবাজার জেলা প্রশাসন থেকে কক্সবাজার পর্যটক আগমনে নিষেধাজ্ঞা জারি করায় বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত বর্তমানে পর্যটক শূন্য। হোটেল কর্মচারীরা অলস জীবনযাপন করছে। প্রতিদিন খরচের খাতা ভারি হলেও আয়ের খাতা জিরো।’

কড়াই রেস্টুরেন্টের মালিক শাখাওয়াত হোসেন বলেন, ‘এখন পর্যটনের ভরা মৌসুম। অন্যান্য বছর এই সময়ে পর্যটকের ভিড় থাকতো কক্সবাজারে। কিন্তু করোনার কারণে পরিস্থিতি ভয়াবহ। দেশে রাজনৈতিক নানা আন্দোলন সংগ্রামসহ অনেক সংকটময় পরিস্থিতি মোকাবেলা করেছি। কিন্তু বর্তমান পরিস্থিতি জন্মের পর পর্যটন শহরে প্রথমবার দেখলাম।’

এদিকে করোনা পরিস্থিতির কারণে কক্সবাজার জেলা প্রশাসনের নেওয়া উদ্যোগের ফলে একেবারেই পর্যটন শূন্য হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। যারা ব্যাংক থেকে বা বিভিন্ন এনজিও থেকে সুদে টাকা নিয়ে ব্যবসা করছে তাদের সকল কিস্তি দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মওকুফ করার দাবি জানান তারা।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, করোনার প্রভাব কমাতে সরকার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। কিন্তু কিছু অতি উৎসাহী পরিবারের লোকজনকে ঘুরতে কক্সবাজার আসতে দেখা গেছে। এগুলো থামাতে এবং জনসমাগম কমাতে কক্সবাজারে সৈকত ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.