আতংকিত হওয়ার কোন কারণ নেই, সচেতন ও সতর্ক থাকলেই হচ্ছে: ডা হাসান শাহরিয়ার

চট্রগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশন ইউনিটে চলবে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা। বিমানবন্দর বা সমুদ্রবন্দর দিয়ে আসা কারো এ রোগের লক্ষণ প্রকাশ পেলে তাদের এই হাসপাতালে পাঠাতে হবে। চট্টগ্রামের যে কোন জায়গায় করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হলে পাঠাতে হবে এ হাসপাতালে।

জানা গেছে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকসাস ডিজিজেজ (বিআইটিআইডি) বা বক্ষব্যাধি হাসপাতালে চালু করা হয়েছে ১০ শয্যার ইউনিট। করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলে প্রথমে ওই হাসপাতালে রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

হাসপাতালের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুনুর রশীদ জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ২৪ জানুয়ারি থেকে হাসপাতালের ডায়রিয়া ইউনিটের দুটি কক্ষে আইসোলেটেড ইউনিট খোলা হয়েছে। এই সংক্রামক ভাইরাস প্রতিরোধে রোগীর জন্য বিশেষ পোশাকও সরকার সরবরাহ করেছে।

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা হাসান শাহরিয়ার কবীর বলেন, চট্টগ্রামের প্রত্যেক সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে। করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেলে ফৌজদারহাটে পাঠাতে হবে। বিমানবন্দরে ও সমুদ্র বন্দরে সর্তকতা জারি রয়েছে। ওখানে অতিরিক্ত ডাক্তার ও সরঞ্জামাদি পাঠানো হয়েছে। এ মুহুর্তে আতংকিত হওয়ার কোন কারণ নেই। সচেতন ও সতর্ক থাকলেই হচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.