ইয়ানূূর রহমান : যশোরে বাসের চাপায় পিষ্ট হয়ে মো. মোয়াজ্জেম হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার মেয়ে ফাল্গুনি আক্তার গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের বারীনগরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোয়াজ্জেম যশোর শহরতলীর বিরামপুরের মোশাররফ হোসেনের ছেলে।
হাসপাতাল, পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ থেকে একটি বিয়ের অনুষ্ঠানের দাওয়াত খেয়ে মোটরসাইকেলযোগে মোয়াজ্জেম হোসেন তার মেয়ে ফাল্গুনিকে নিয়ে যশোর ফিরছিলেন। বারীনগর গো হাটের সামনে যশোর থেকে ছেড়ে যাওয়া কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মোয়াজ্জেম হোসেনের মর্মান্তিক মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফাল্গুনিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কাজল মল্লিক বলেন, ফাল্গুনির অবস্থা খুবই আশংকাজনক।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.