চট্রগ্রাম প্রতিনিধিঃ সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, নারীর প্রতি সহিংসতা, নির্যাতন প্রতিরোধে নারীরাই হয়ে উঠবে চেঞ্জ মেকার। নারীকেই নারীর ক্ষমতায়নে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। প্রত্যেক নারী পরিবারের একজন মা, একজন বোন বা একজন শ্বাশুড়ি। মা যেমন তার মেয়েকে আদর স্নেহ মায়া মমতা দিয়ে আগলে রাখেন, তেমনি নিজের পুত্রবধুকেও মেয়ের মত আদর স্নেহ ভালবাসায় জড়িয়ে রাখতে হবে। যখনই অন্য কারো দ্বারা নারী সহিংসতার শিকার হবে তখন পাশে থাকা নারীকেই তার প্রতিবাদ করতে হবে। আজ এখানে উপস্থিত সকল নারীই আমাদের পরিবারের সদস্য। তারা প্রত্যেকই কারো মা, কারো বধু,কারো বোন বা কারো শ্বাশুড়ি। যেখানেই একজন নারী অবজ্ঞা, অবহেলা, বঞ্চনার শিকার হবে সেখানেই যুথবদ্ধ হতে হবে তার কাছের কোন নারীকে। এই সচেতনতা জ্ঞান ছড়িয়ে দিতে হবে পরিবার,সমাজে। নারীদের ক্ষমতায়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহন করেছেন। প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্প নারী ক্ষমতায়ন উদ্যোগের অংশবিশেষ। নারীর ক্ষমতায়নের সফলতায় মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের মাঝে নতুন পরিচিতি পেয়েছেন। নারী ক্ষমতায়নে বাংলাদেশ পশ্চিমা বিশ্বের অনেক দেশের থেকেও এগিয়ে আছে।
তিনি আরো বলেন, নারী পুরুষের সমতা মানে পারষ্পরিক শ্রদ্ধা, সম্মান ও সম্পর্ক উন্নয়ন। একজন ধর্ষক কখনো সুস্থ স্বাভাবিক মানুষ হতে পারে না। একজন ইভটিজার কখনো পুরুষ নয়। কাপুরুষ মাত্র।
আজ ৮ ডিসেম্বর দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় স্থানীয় সরকার বিভাগের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন শীর্ষক আয়োজিত নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ কাল পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন একথা বলেন।
প্রতি বছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিন ব্যাপী সরকার, প্রশাসন ও কমিউনিটিকে জেন্ডার ভিত্তিক বৈষম্য নিরসনে ইতিবাচক উদ্যোগ গ্রহনে উদ্বুদ্ধ করণে এই পক্ষ কাল পালন করা হয়। যা নারীর প্রতি বৈষম্য বিরোধী ১৬ দিনের ক্যাম্পেইন নামে পরিচিত। ২৫ নভেম্বর নারীর প্রতি বৈষম্য বিলোপ দিবস, ২৯ নভেম্বর আন্তর্জাতিক নারী অধিকার সুরক্ষা দিবস, ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, ৬ ডিসেম্বর মন্ট্রিয়েল গণহত্যা বার্ষিকী,১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস এই পক্ষ কাল কর্মসূচীতে অন্তর্ভুক্ত রয়েছে।
চসিক প্রধান নির্বাহি কর্মকর্তা মো সামসুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠানে কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর আবিদা আজাদ,প্রকল্পের সিডিসি ক্লাস্টার আনোয়ারা আলম, কোহিনূর আকতার, টাউন ম্যানেজার সরোয়ার হোসেন খান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরবৃন্দসহ আওতাভুক্ত সকল নারী ক্লাস্টার উপস্থিত ছিলেন।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.