সাথী এন্ড রবিন চানাচুর কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নিম্নমানের ডালডা,পোড়া তেল, ও কাপড়ের রং মিশিয়ে তৈরি হচ্ছে শিশু খাদ্য
নিজস্ব প্রতিনিধি, উখিয়া উপজেলা।
উখিয়া উপজেলাধীন কোট বাজার স্টেশন সংলগ্ন সাথী এন্ড রবিন চানাচুর কারখানাসহ বেশকয়েকটি শিশু খাদ্য (যেমন: চানাচুর, বন, পাউরুটি, কেক, বিস্কুট) ইত্যাদি তৈরির কারখানায়
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নিম্নমানের ডালডা আর পোড়া তেল দিয়ে ভাজা কাপড়ের রং মিশিয়ে তৈরি হচ্ছে এসব শিশু খাদ্যগুলি।
সরেজমিনে কোট বাজার স্টেশন সংলগ্ন সোনারপাড়া রোডস্থ সাথী এন্ড রবিন চানাচুর কারখানায় গিয়ে এসব চিত্র দেখা গেছে।
এসব শিশু খাদ্য সমূহ প্রতিদিন উপজেলার বিভিন্ন দোকানসহ প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। সরবরাহকৃত এসব পণ্য সমূহ গ্রামের অসচেতন ভোক্তা ও সাধারণ মানুষ প্রতিনিয়তই পরিবেশন করছে, ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি আক্রান্ত হচ্ছে মারাত্মক রোগব্যাধিতে।
সরেজমিনে, বিভিন্ন দোকানে তাদের সরবরাহকৃত পণ্যসমূহের প্যাকেটে নেই কোন উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ও বিএসটিআইয়ের সিল।
এছাড়াও পণ্য তৈরীর খামির (ময়দা দিয়ে প্রক্রিয়াজাত করণ) রাখার ট্রের উপরে বসে-হাটাহাটি করে কাজ করছে শ্রমিকরা। শ্রমিকদের হাত থেকে শরীরের ঘাম পর্যন্ত মিশিয়ে পড়ছে এসব পণ্যে।
নিম্নমানের ডালডা ও পোড়া তেলে প্রতিদিন তৈরী করা হচ্ছে শত শত পণ্য।
বিভিন্ন বাসি উপকরণসহ ময়লাযুক্ত পাত্রে উপকরণ সংরক্ষণ, গাদ ও দুর্গন্ধযুক্ত ট্রে এবং কাদাযুক্ত মেঝে, নন ব্রান্ডের লবন, ময়দা, তৈলসহ বিভিন্ন উপকরণ পাওয়া গেছে সাথী এন্ড রবিন চানাচুরের কারখানায়।
এছাড়াও তৈরিকৃত এইসব পণ্যসমূহ খোলা মেঝেতে রেখে শ্রমিক দ্বারা ধীরগতিতে প্যাকিং করা হয়।ফলে এসব পণ্যের প্যাকেটে অনেক সময় মৃত: পিঁপড়ে, তেলাপোকা, টিকটিকি সহ বিভিন্ন ধরনের ময়লা পাওয়া যায়।
বিএসটিআইয়ের অনুমোদন ও সংশ্লিষ্ট কোন ডকুমেন্টস এবং নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরীর বিষয়ে সাথী এন্ড রবিন চানাচুর কারখানার মালিক মানস বড়ুয়া কোন কথা না বলে বরং এ বিষয়ে কোনো সংবাদ প্রকাশ না করার জন্য এক ধরনের হুমকি প্রদর্শন করেন।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুমোদন বিহীন কারখানাগুলির বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা বলেন।
এপ্রসঙ্গে উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, এধরনের খাবার খেলে ফুড পয়জনিং, ডায়রীয়া, পেটের পীড়াসহ মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তাই এধরনের নোংরা ও অস্বাসস্থ্যকর পরিবেশে তৈরী খাবার না খাওয়াই ভালো।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.