ওয়ান নিউজঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের মধ্যে প্রথম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ইফতি মোশাররফ সকাল। তিনি বুয়েটের বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের এই ছাত্র এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার বিকেলে ইফতি মোশাররফ সকালকে মহানগর হাকিম সাদবির ইয়াসির আহসান চৌধুরী আদালতে নিয়ে যান মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান। সেখানে ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দী নেওয়ার পর সকালকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন বিচারক।
জবানবন্দি রেকর্ডের আগে আদালতে দেওয়া তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়, রিমান্ডে সকাল স্বীকার করেছে যে ছাত্রলীগের অন্যদের সঙ্গে সে আবরারকে প্রহার করেছে যাতে তার মৃত্যু হয় এবং তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চান।
উল্লেখ্য, গত রোববার রাত ৩টার দিকে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, ওই রাতেই হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পিটিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, তার মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় ১৯ জনকে আসামি করে সোমবার সন্ধ্যার পর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন নিহত আবরারের বাবা বরকত উল্লাহ্। এ ঘটনায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.