ইয়ানূর রহমান : শার্শায় পৃথক অভিযানে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবাসহ দুইজন আসামিকে আটক করেছে শার্শা থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে শার্শার নাভারন কাজির বেড় ও বুরুজ বাগান হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- শার্শার যাদবপুর গ্রামের আব্দুল সামাদের ছেলে নাজমুল হোসেন শামীম ( ৩২) ও দক্ষিণ বুরুজ বাগান গ্রামের আব্দুল আজিজ (পাগলা)র ছেলে সোহানুর রহমান সোহান ( ৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, দুটি পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় শামীমের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং অপর আসামি সোহানকে তল্লাশি করে ১০০ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
শার্শা থানার এসআই আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.