ওড়িশায় ঘূর্ণিঝড় ‘ফণী’র তাণ্ডব, কলকাতায় শুরু তুমুল বৃষ্টি

ওয়ান নিউজ ডেক্সঃ নির্ধারিত সময়ের আগেই ওড়িশায় আছড়ে পড়ল ভয়াল ঘূর্ণিঝড় ‘ফণী’। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ২০০ কিমি। আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানানো হয়েছে। ‘ফণী’-র তাণ্ডবে তছনছ হতে পারে ওড়িশা। ইতিমধ্যেই ঝড়ের মোকাবিলা করতে জোর তৎপরতা শুরু হয়েছে বাংলার এই পড়শি রাজ্যে। কার্যত পর্যটকশূন্য পুরী। ইতিমধ্যেই সে রাজ্যের প্রশাসনের তরফে সতর্কতামূলক সব রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফণীর তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ-পূর্ব শাখায় বহু ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেন বাতিল করা হয়েছে ইস্ট কোস্ট রেলের তরফেও। কয়েকটি বিশেষ ট্রেনে করে পুরীর পর্যটকদের বাংলায় আনা হয়েছে।

ওড়িশার পাশাপাশি বাংলাতেও ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফণী’। আজ মাঝরাত বা কাল ভোরে পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে ভয়াল ঘূর্ণিঝড়। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে বাংলায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১৫ কিমি। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাংলায় ঘূর্ণিঝড় আসছে। ওড়িশার মধ্য দিয়ে বাংলায় ঢুকবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। আজ মাঝরাত থেকে ভোরের মধ্যে আছড়ে পড়তে পারে ফণী। ৪ তারিখ সকালে দুর্বল হবে ঘূর্ণিঝড়। এরপর সেদিন সন্ধে থেকে রাতের মধ্যে বাংলাদেশে যাবে ফণী’’। অর্থাৎ প্রায় ২৪ ঘণ্টা বাংলায় অবস্থান করবে ফণী।

ফণীর জন্য আজ রাত সাড়ে ৯টা থেকে শনিবার সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে সব বিমান ওঠানামা বন্ধ থাকবে। বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ হয়ে গিয়েছে ভুবনেশ্বরের বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর। এদিকে ফণীর আগমনী বার্তা পাওয়ার পরেই বাতিল করে দেওয়া হয়েছে একাধিক ট্রেন। সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিমানের ভাড়া। প্রায় দশগুণ দামে বিকোচ্ছে টিকিট। আজ রাত থেকেই বন্ধ করে দেওয়া হচ্ছে ভুবনেশ্বরের বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.