রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে কাজ করছে জাতিসংঘঃ ফিলিপ্পো গ্রান্ডি

মুহাম্মদ ছলিম উল্লাহ সুজনঃ মিয়ানমারে জাতিগত নিধন ও নির্যাতনের শিকার হয়ে কক্সবাজার এলাকায় আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণে শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল। ইউএনএইচসিআর ও আইওএম সহ জাতিসংঘের তিন সংস্থার প্রধানের নেতৃত্বে তারা কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

২০ সদস্যের প্রতিনিধি দলে আছেন- জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর সদর দফতরের হাই-কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল (হিউম্যান অ্যাফেয়ারস) মার্ক লোকক ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম এর মহাপরিচালক এন্তোনিও ভিতোরিনো।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বালুখালী-২ এর ১১ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন তারা। এ সময় তারা বিশ্ব খাদ্য কর্মসূচি-ডাব্লিউএফপি’র বিভিন্ন খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন।

এছাড়া তারা ১১, ১৭ ও ১৮ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন এবং নারী ও শিশুদের সঙ্গে কথা বলেন।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বেলা ৩টায় স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ৩টার দিকে ২০ সদস্যের এই প্রতিনিধি দল ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান। বিকালে কক্সবাজার জেলা প্রশাসন এবং কক্সবাজার ত্রাণ ও রোহিঙ্গা শরণার্থী কমিশনারের সঙ্গে পৃথক বৈঠক করেন দলের সদস্যরা। বৈঠকের পর ফিলিপ্পো গ্রান্ডি সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তায় একযোগে কাজ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে কাজ করছে জাতিসংঘ। দফায় দফায় আলোচনা করা হচ্ছে। মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য একটি ভালো পরিবেশ তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, ‘এটা পরিষ্কার যে, এর জন্য মিয়ানমারই দায়ী এবং এর সমাধানও মিয়ানমার থেকেই পাওয়া যাবে।’

তাদের এই সফরের মূল উদ্দেশ্য- রোহিঙ্গা সমস্যার স্থায়ী ও সুষ্ঠু সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা। যাতে করে রোহিঙ্গা সমস্যা সমাধানে মানবিক সহায়তার পাশাপাশি মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার জন্য সহায়ক পরিবেশ তৈরি হয়।

এ সময় জাতিসংঘের তিন শীর্ষ কর্মকর্তা ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেয়ায় মানবিক দৃষ্টিভঙ্গির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। তাদের মিয়ানমারের সফরের কথা উল্লেখ করে তারা প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রশ্নে তারা মিয়ানমারে ইউএনডিপি ও ইউএনএইচসিআর-এর প্রবেশাধিকার চেয়েছেন।

তারা বলেন, ‘আমরা রোহিঙ্গা ইস্যুতে বিশেষ করে রোহিঙ্গা শিশুদের শিক্ষা দেয়ার ব্যাপারে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ।’ জাতিসংঘ কর্মকর্তারা বলেন, তারা রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন এবং কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছেন। তবে তারা ‘এক্ষেত্রে অগ্রগতি খুবই মন্থর’ বলে উল্লেখ করেন।

সংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, স্থানীয় শিক্ষিত জনগোষ্টিকে বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ দেয়ার জন্য সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে এবং কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের পরিবেশ বিনষ্ট না হওয়ার জন্যও সবাইকে সর্তকভাবে কাজ করার পরামর্শ দেয়া হবে বলে জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.