একুশের নাটক

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ আন্তর্জাতিক মাতৃভাষা এবং মহান শহীদ দিবস উপলক্ষে আজ রাত ৯টা ০৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত নাটক ‘যে গল্পটা বলা হয়নি’। সারওয়ার রেজা জিমি’র রচনা ও তুহিন হোসেন-এর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন নিশো ও মেহজাবিন প্রমুখ।

এর কাহিনীতে দেখা যাবে, সানি ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে। রেডিও জকি। কথা বলে বাংলিশে। যেটুকু বাংলা বলে তাও ইংলিশ উচ্চারণে। তার বন্ধুদের মধ্যে আসাদ একমাত্র বাংলা মিডিয়াম। শুধু এ কারণেই সে পুরোপুরি মিশে যেতে পারে না কখনোই সানিদের দলের সাথে। সানিরাও ওকে একরকম তুচ্ছ তাচ্ছিল্যই করে। এগিয়ে যায় গল্প।কিন্তু এই আসাদকেই যে সানির এমন প্রয়োজন হয়ে পড়বে, কে জানতো। সানি প্রেমে পড়লো সুবর্ণার।

সুবর্ণা অপরূপ সুন্দরী। স্মার্ট। কিন্তু কঠিনভাবে নীতিবান। শুরু থেকেই সানি যত ঘনিষ্ট হওয়ার চেষ্টা করতে লাগল সুবর্ণার, সুবর্ণা ততই তাকে খোঁচা দিতে লাগলো উদ্ভট বাংলিশ উচ্চারণের জন্য। যে বিষয়গুলোকে সানি এতদিন স্মার্টনেস ভেবে এসেছে, সেগুলো একেক করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতে লাগল সুবর্ণা।

শেষ পর্যন্ত আসাদই ভরসা হলো সানির। এরপর থেকে দেখা গেল আসাদই সানির রেডিও অনুষ্ঠানের স্ক্রিপ্ট লিখে দেয়, যেখানে প্রায়ই সুবর্ণাকে ইঙ্গিতে নিজের ভালোবাসার কথা জানায় সানি। তার উচ্চারণও ঠিক করে দিতে থাকে আসাদ। বদলে যেতে থাকে সানির ব্যক্তিত্বও। অবশেষে একদিন সুবর্ণা শোনে সানির রেডিও অনুষ্ঠান। ফোন দেয় তাকে। জানায়, ভালো লেগেছে। সানি দেখা করতে চায়। সুবর্ণা বলে বিকেলে তার একজনের সাথে দেখা করার কথা, সানি চাইলে আসতে পারে।

বিকেলে সানি যায় দেখা করতে সুবর্ণার সাথে। কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করছিল একটা চমক। বাকিটা জানা যাবে নাটকের শেষে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.