এডঃ আবু ছিদ্দিক ওসমানী
কক্সবাজার পৌরসভার নাম ভাঙ্গিয়ে একটা ভূঁয়া এনজিও কক্সবাজার পৌরসভার প্রতি বাড়ি থেকে ৫০০ টাকা করে অনেকটা জোর করে চাঁদা নিয়ে প্রতারনা করে ভুল ও মিথ্যা হোল্ডিং নম্বর দিচ্ছে।
কক্সবাজার পৌরসভার সুনামধন্য মেয়র মুজিবুর রহমান চেয়ারম্যানের মতো একজন যোগ্য, দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বসম্পন্ন মেয়র মহোদয়ের নেতৃত্বে একটি পরিপূর্ণ পৌর পরিষদ থাকতে ঐতিহ্যবাহী ও স্বনাম কক্সবাজার পৌরসভায় এসব অরাজকতা কি পৌর নাগরিকদের অহেতুক ভোগান্তি বাড়াচ্ছে না?
৮ জানুয়ারি মঙ্গলবার বেলা আড়াইটার দিকে আনসারুল হক ও আায়ছুল হক নামের দু’জন লোক এসে কোন কথাবার্তা ছাড়াই আমার বাড়িতে অনাধিকার প্রবেশ করে অত্যন্ত কর্কশ ও বিশ্রী ভাষায় মাসখানেক আগে তাদের নেয়া ৫০০ টাকার রশিদটি দাবি করলো। আমি আগের রশিদটি খুঁজে পাচ্ছিনা বলতেই তারা রেগে অগ্নিশর্মা হয়ে আরো ৫০০ টাকা দাবি করল এবং বিনিময়ে একটি হোল্ডিং প্লেট দিতে চাইল।
আমি হোল্ডিং প্লেটটি দেখে অবাক হয়ে গেলাম। সেখানে আমার অর্ধেক নাম লেখা আছে, অর্ধেক নামের মাঝে তাও আবার অসংখ্য ভূল।
সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো-নামের পরে লেখা হয়েছে কবরস্থান রোড। আমি তাদেরকে আমার স্মার্ট কার্ডের ফটোষ্ট্যাট কপি ও আইন পেশার আমার ভিজিটিং কার্ড দিলাম।
কিন্তু তাঁরা মাস্তানীসুলভ আচরনেই যথারীতি করে যাচ্ছিল। কবরস্থান রোড হচ্ছে-দক্ষিণ তারাবনিয়ার ছরা, আর আমার বাড়ি হচ্ছে-এবিসি ঘোনায়। আমি তাৎক্ষনিক ৭ নাম্বর ওয়ার্ডের স্বনামধন্য কাউন্সিলর আসরাফুল হুদা সিদ্দিকী জামসেদকে মোবাইল ফোনে বিষয়টি জানাতেই লোক দু’টি আমাকে গালিগালাজ করতে করতে দ্রুত আমার বাড়ি ত্যাগ করল।
কক্সবাজার পৌর কর্তৃপক্ষের কাছে বিনয়ের সাথে অনুরোধ-দয়াকরে পৌর নাগরিকদের বাড়তি সেবা দিতে নাপারলেও তথাকথিত এনজিও দিয়ে দয়াকরে আমাদের বিড়ম্বনায় ফেলবেননা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.