ওয়ান নিউজ ডেক্সঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ ও বিমান) সদস্যদের দিয়ে ভোটগ্রহণ, গণনা করা এবং ফলাফল ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
আজ রবিবার (২৩ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা-৮ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী ড. ইউনুছ আলী আকন্দ।
রিটে নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় ব্যর্থতা কেন অসংবিধানিক ঘোষণা করা হবে না এবং সারাদেশের সব কেন্দ্রে সেনাবাহিনী দিয়ে ভোটগ্রহণ, গণনা ও ফল প্রকাশের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।
রিটকারী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের নির্দেশনাও চাওয়া হয়েছে। পাশাপাশি ২০ দল বা ১৪ দলের নামে জোট গঠন করে নির্বাচন করার উপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
এছাড়াও এক দলের প্রার্থী অন্য দলের প্রতীক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
এই রিট আবেদনে আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, ১৪ দলের পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ২০ দলের পক্ষে বিএনপির মহাসচিব, মন্ত্রীপরিষদ সচিব, রাশেদ খান মেনন, মির্জা আব্বাস, স্বরাষ্ট্র সচিবসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।
আগামী সোমবার (২৪ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানা যায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.