ইয়ানুর রহমান : যশোরের শার্শায় ৪শ’ বোতল ফেন্সিডিলসহ প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার ডিহি ইউনিয়নের পাকশিয়া থেকে প্রাইভেটকারসহ উক্ত মাদকের চালানটি আটক করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শার্শার গোড়পাড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শেখ লুৎফর রহমান জানান, একটি সুনির্দিষ্ট সংবাদে জানা যায় সাদা রংয়ের প্রাইভেটকারে করে ফেন্সিডিলের একটি বড় চালান সীমান্ত পার হয়ে যশোরের দিকে যাচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ধাওয়া করে পুলিশের একটি দল। প্রাইভেটকারের চালক টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজনের সামনে গাড়ি তল্লাশী করে ৪শ’ বোতল ফেন্সিডিল ও গাড়িটি জব্দ করা হয়।
শার্শা থানার ওসি এম মসিউর রহমান বলেন, এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে একটি নির্ভরযোগ্য সুত্র জানান, ফেনসিডিলবাহী প্রাইভেটকারটি বেনাপোলের বারপোতা নামক গ্রাম থেকে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে। উক্ত প্রাইভেটটিতে ১হাজার বোতল ফেনসিডিল ছিল বলে সুত্রটির দাবি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.