ওয়ান নিউজ ডেক্সঃ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে মারধরের পর নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার এলুরু শহরে এই ঘটনা ঘটে। খবর আনন্দবাজারের
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই শিক্ষকের নাম রামবাবু। এলুরুর একটি স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক তিনি।
আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে, গত দু্ই বছরে ধরে এক ছাত্রীকে কয়েকবার ধর্ষণ করেছেন তিনি। সম্প্রতি ওই ছাত্রীটি গর্ভবতী হয়ে পড়ে। এরপর বিষয়টি ধামাচাপা দিতে তাকে গর্ভপাতের ওষুধ খাওয়ান রামবাবু।
ওই ছাত্রীর পরিবারের দাবি, বিষয়টি বাড়িতে প্রথমে জানাতে চায়নি ছাত্রীটি। কিন্তু তার শারীরিক লক্ষণ দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে জেরা করতেই আসল ঘটনা খুলে বলে সে।
এর পরই ছাত্রীর পরিবারের সদস্যরা দলবল নিয়ে রামবাবুর বাড়িতে হামলা চালান। তাকে বাড়ি থেকে টেনে বের করে প্রথমে বেধড়ক পিটুনি দেওয়া হয়। এরপর রামবাবুকে নগ্ন করে শহরের ব্যস্ত রাস্তা হাঁটিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় ঘটনার ছবি ও ভিডিও ধারণ করেন অনেকেই।
পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীর পরিবার রামবাবুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.