যশোরের বেনাপোলে গোলাগুলিতে দুই মাদক ব্যবসায়ী নিহত

ইয়ানূর রহমান : যশোরের বেনাপোলে গোলাগুলিতে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ভারত সীমান্তবর্তী বড়আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিটন হোসেন (৩৫) বেনাপোলের ভবারবেড় এলাকার মাজহারুল ইসলামের ছেলে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৪৮ বছর।

বেনাপোল পোর্ট থানার এসআই মনির হোসেন বলেন, সীমান্তবর্তী বড়আঁচড়া গ্রামে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গুলিবিনিময় হচ্ছে বলে পুলিশ খবর পায়। মঙ্গলবার দিনগত রাত দুইটা ৫০ মিনিটের দিকে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুটি লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান ও দশ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, নিহত লিটনের বিরুদ্ধে ছিনতাই, মাদকের কারবারসহ বিভিন্ন অভিযোগে দশটি মামলা আছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.