কেন খালেদার সাজা বাড়ানো হবে না: হাইকোর্ট
ওয়ান নিউজ ডেক্সঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা কেন বাড়ানো হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের যুগ্ম-বেঞ্চ এই রুল দেন।
সাজা বাড়াতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে রাষ্ট্রপক্ষ ও খালেদা জিয়াকে একমাসের মধ্যে রুলের জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এই মামলায় খালেদা জিয়ার করা আপিলের সঙ্গে রুলের শুনানি একসঙ্গে হবে বলেও সিদ্ধান্ত দিয়েছেন আদালত।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আদালত থেকে বের হয়ে জানান, মামলার প্রধান আসামি খালেদা জিয়াকে সহযোগী আসামিদের তুলনায় অপর্যাপ্ত সাজা দেয়ায় সাজা বাড়ানোর আবেদন করেছে দুদক। এই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ রুল দিয়েছেন আদালত।
একই বেঞ্চে খালাস এবং জামিন চেয়ে খালেদা জিয়াও আবেদন করেছেন। খালেদা জিয়ার আবেদনের শুনানি করে আদালত চার মাসের জামিন এবং এসময়ের মধ্যে এই মামলার পেপারবুক প্রস্তুতের নির্দেশ দিয়েছে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখাকে। অবশ্য পরে আপিল বিভাগ জামিন স্থগিত করে।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। আর মামলার অপর আসামিদের ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত। রায়ের পর থেকে কারাগারে আছেন খালেদা জিয়া।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.