যশোরের ৮ থানায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের নামে ১৪ মামলা
ইয়ানূর রহমান : যশোরের আট থানায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের নামে ১৪টি মামলায় মামলা করেছে পুলিশ। নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে ১৪ মামলায় আসামি করা হয়েছে ৩৮১ জনকে। আসামিদের মধ্যে বিএনপির কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারাও রয়েছেন।
যশোর কোতয়ালী থানায় নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়ত নেতাকর্মীদের বিরুদ্ধে ৩টি মামলায় আসামি করা হয়েছে ৯০ জনকে।
এসআই বাবুলচন্দ্র বিশ্বাস, এসআই হাসানুর রহমান এবং এসআই দেবাশীষ রায় বাদী হয়ে মামলা ৩টি করেন বলে জানাগেছে।
মামলায় আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, জেলা বিএনপির সহ-সভাপতি শামসুর রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুজ্জামান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী সাজেদুর (সাজ্জাদুর) রহমান সুজা, বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোক, চৌধুরী রফিকুল ইসলাম ওরফে মুলুক চান, আরএন রোডের এল রহমান, গুলশান, চেম্বার অব কমার্সের সাবেক কর্মকর্তা বদরুজ্জামান বাবলু, আবু সাইদ, ছাত্রদল জেলা কমিটির সহ-সভাপতি জহিরুল হক শিমুল।
এদিকে বৃহস্পতিবার মণিরামপুর থানায় এসআই তপনকুমার এবং এসআই এনামুল হক বাদী হয়ে মামলা দুটি করেছেন। মামলা দুটিতে ৪৭ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরো ৭০ জনকে আসামি করা হয়েছে।
ঝিকরগাছা থানায় সরকারবিরোধী তৎপরতা ও নাশকতার অভিযোগে ৩টি মামলায় বিএনপি ও জামায়াতের ৬০ জনকে আসামি করা হয়েছে।
অভয়নগর থানায় নাশকতা পরিকল্পনার অভিযোগে একটি মামলা করা হয়েছে। এ মামলায় আসামি করা হয়েছে ৬৮ জনকে।
কেশবপুর থানায় নাশকতা পরিকল্পনার অভিযোগে দুটি মামলায় আসামি করা হয়েছে বিএনপি ও জামায়াতের ৪২ জনকে।
বাঘারপাড়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাঘারপাড়া উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবসহ ১৮ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
শার্শা থানায় সরকার বিরোধী কর্মকান্ড পরিকল্পনার অভিযোগে একটি মামলায় আসামি করা হয়েছে ২২ জনকে।
বেনাপোল থানায় সরকারবিরোধী কর্মকান্ড ও নাশকতার অভিযোগে ৩৪ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.