শাহজালালে সাড়ে ৭ ঘণ্টা বিমান উঠানামা বন্ধ ছিল

ওয়ান নিউজ ডেক্সঃ ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে সাত ঘণ্টা সকল আন্তর্জাতিক বিমান উঠানামা বন্ধ রাখা হয়েছিল। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিট থেকে শুক্রবার সকাল ১০টা ১১ মিনিট পর্যন্ত বিমান উঠানামা বন্ধ ছিল।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে মুখপাত্র একেএম রেজাউল করিম বলেন, ‘ঘন কুয়াশার কারণে আজ ভোর (শনিবার দিবাগত রাত) ২টা ৪৫ মিনিট থেকে (শুক্রবার) সকাল ১০টা ১১ মিনিট পর্যন্ত আমরা বিমান উঠানামা বাতিল করতে বাধ্য হয়েছি।’

তিনি বলেন, এ সময় শারজাহ থেকে এয়ার এরাবিয়ার দুটি এবং বাংলাদেশ বিমানের একটি আন্তর্জাতিক ফ্লাইটকে শাহজালালে অবতরণ করতে না দিয়ে কলকাতায় পাঠানো হয়েছে।

এছাড়া দুবাই থেকে আগত বাংলাদেশ বিমানের একটি এবং কুয়ালালামপুর থেকে আগত ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

কুয়ালালামপুর থেকে আগত ইউএস বাংলা এয়ার লাইন্সের আরও একটি ফ্লাইটকে মিয়ানমারে মান্দালয়ে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

তিনি বলেন, সকাল ১০টা ১১ মিনিটে অভ্যন্তরীণ এবং ১০টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়।

বিমান চলাচল বাতিল করার কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কলকাতা ও রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট ব্যাংকক যেতে বিলম্ব হয়।

ঘন কুয়াশার কারণে আন্তর্জাতিক ফ্লাইট ছাড়াও নভোএয়ারের চারটি, ইউএস বাংলার তিনটি, বাংলাদেশ বিমানের দুটি ও রিজেন্ট এয়ারওয়েজের একটি অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বে চলাচল করে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। খবর: বাসস।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.