হালদায় বিরল প্রজাতির মৃত শুশুক উদ্ধার

হাটহাজারী প্রতিনিধিঃ

চট্টগ্রামের হালদা নদী থেকে বিরল প্রজাতির একটি মৃত শুশুক উদ্ধার করা হয়েছে।

গত বুধবার দুপুরে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ স্লুইসগেট এলাকায় ভাসমান অবস্থায় মৃত শুশুকটি উদ্ধার করা হয়।

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহার করা ড্রেজারের টারবাইনের আঘাতে এটির মৃত্যু হতে পারে বলে ধারণা করছে উপজেলা মৎস্য অফিস।

স্থানীয় মৎসজীবি তামিম জানান, তিনি এবং তার সঙ্গী মুন্না দুপুরের দিকে নদীতে মৃত শুশুকটি ভাসতে দেখে হাটহাজারী উপজেলা মৎস্য অফিসে খবর দেন।

পরে মৎস্য অফিসের অনুরোধে সেটা উপজেলা মৎস্য অফিসে নিয়ে যান। প্রায় সাত ফুট লম্বা ও আনুমানিক আশি কেজি ওজনের শুশুকটির গায়ে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি জানান।

হাটহাজারী উপজেলা মৎস্য অফিসের মাঠ সহকারী মনিরুল ইসলাম বলেন, আপাতত শুশুকটি আমাদের কার্যালয়ে রয়েছে।

শুশুকের গায়ে আঘাতের কথা উল্লেখ করে তিনি বলেন, কোন জলযান বা টার্বাইনের আঘাতে এটির মৃত্যু হয়েছে বলে ধারনা করছি।

উপজেলা মৎস্য কর্মকর্তা আজহারুল আলম বলেন, এটি মিঠা পানির শুশুক। ইঞ্জিনচালিত নৌকার আঘাতে কিংবা অসুস্থতাজনিত কারণে শুশুকটির মৃত্যু হয়ে থাকতে পারে। এটি হয়তো সকালের দিকে মারা গেছে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে এটি কি সংরক্ষণ করা হবে, না পূতে ফেলা হবে তা সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.