‘ভালো থেকো’র এক সপ্তাহ পর ‘নূর জাহান’
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ বছরের শেষ মাস জমজমাট রয়েছে ভিন্ন ভিন্ন স্বাদের বেশ কিছু সিনেমার মুক্তিতে। নতুন বছরের ফেব্রুয়ারিতেও ভালোবাসা দিবস উপলক্ষে একাধিক বড় রিলিজের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে দি অভি কথাচিত্রের ‘ভালো থেকো’ ও জাজ মাল্টিমিডিয়ার ‘নূর জাহান’।
জাজ জানিয়েছে, ‘ভালো থেকো’র পরিচালক জাকির হোসেন রাজু ও নায়ক আরিফিন শুভ’র প্রতি ভালোবাসা জানিয়ে এক সপ্তাহ পিছিয়েছে ‘নূর জাহান’।
প্রাথমিক ঘোষণা মতে, দুই সিনেমাই মুক্তির কথা ছিল ৯ ফেব্রুয়ারি। ‘ভালো থেকো’ এ সময়ে মুক্তি পেলেও ‘নূর জাহান’ মুক্তি পাবে ১৬ ফেব্রুয়ারি।
এ বিষয়ে এক ঘোষণায় জাজ জানায়, “নুর জাহান’ দুই কিশোর-কিশোরীর হৃদয় ছোঁয়া প্রেমের গল্প। তাই ইচ্ছা ছিল ‘নুর জাহান’ ভালোবাসা দিবসে মুক্তি দিব। সেই রকম চুক্তিই ছিল রাজ চক্রবর্তী প্রোডাকশনের সাথে।
কিন্তু ইতিমধ্যে ‘ভালো থেকো’ ভালোবাসা দিবসে মুক্তির তারিখ ঘোষণা করেছে। আর ‘ভালো থেকো’ জাজের নিয়মিত পরিচালক জাকির হোসেন রাজু স্যার ও আমাদের ঘরের নায়ক আরিফিন শুভ’র সিনেমা। ওদের প্রতি ভালোবাসা স্বরূপ জাজ ‘নুর জাহান’ মুক্তি এক সপ্তাহ পিছিয়ে দিল।”
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ‘নূর জাহান’ পরিচালনা করছেন অভিমন্যু মুখার্জি। প্রধান দুই চরিত্রে আছেন পূজা চেরি ও অদ্রিত। অন্যদিকে ‘ভালো থেকো’তে শুভ’র বিপরীতে অভিনয় করেছেন তানহা তাসনিয়া।
আরো শোনা যাচ্ছে, ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে গিয়াসউদ্দিন সেলিমের অতিপ্রতিক্ষীত সিনেমা ‘স্বপ্নজাল’। এতে অভিনয় করেছেন পরী মনি ও ইয়াশ রোহান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.