দুই হাজার রোহিঙ্গার মাঝে ছাত্রলীগের ত্রাণ বিতরণ
ওয়ান নিউজঃ প্রায় দুই হাজার রোহিঙ্গা শরণার্থীর মাঝে ত্রাণ বিতরণ করেছে ছাত্রলীগ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ সোমবার উখিয়ায় এ ত্রাণসামগ্রী বিতরণ করেন।
ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে- গুড়া দুধ, বিস্কুট, চিড়া, মুড়ি, গুড় ও চিনি। দুই লিটার ওজনের এক বোতল করে পানি ও শিশু-কিশোরদের মধ্যে প্রয়োজনীয় কাপড় বিতরণও করা হয়।
এছাড়া ছাত্রলীগের চিকিৎসা কেন্দ্র ও মনিটরিং সেল থেকে নিয়মিত চিকিৎসাসেবা, ওষুধ ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম চলছে।
এসময় ছাত্রলীগ সভাপতি সোহাগ বলেন, ‘মাদার অব হিউম্যানিটি’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা এখন রোহিঙ্গা শরণার্থীদের পাশে আছে। সবাই তাদের সহায়তা করছি।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে রোহিঙ্গাদের কষ্ট লাঘবে আমরা নিরলসভাবে কাজ করছি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও দিন-রাত ছুটছেন রোহিঙ্গাদের সেবায়।’
ছাত্রলীগ সভাপতি বলেন, ‘কক্সবাজারসহ চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলা থেকে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা এখানে কাজ করছেন। সোমবার বালুখালী মনিটরিং সেল থেকে আমরা প্রায় দুই হাজার রোহিঙ্গা সদস্যের মাঝে খাবার ও পানি বিতরণ করেছি।’
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ আশিক, আনোয়ার হোসেন আনু, আসাদুজ্জামান আসাদ, উপ-সম্পাদক গোলাম মোস্তফা, সৈয়দ আরাফাত, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরসেদ হোসাইন তানিমসহ নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম উত্তর, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের নেতারা।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.