ভাইয়ে ভাইয়ে আগুন ছড়িয়ে দেয়ার নেপথ্যে ‘শত্রুরা’
ওয়ান নিউজ ডেক্সঃ কাতার সংকটকে ইঙ্গিত করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বলেছেন, ভাইয়ে ভাইয়ে আগুন ছড়িয়ে দেয়ার পেছনে ‘শত্রুদের’ হাত রয়েছে।
তিনি বলেন, কাতারকে একঘরে করায় উপসাগীয় অঞ্চলে যে সংকট সৃষ্টি হয়েছে তা জিইয়ে রেখে কারো স্বার্থই রক্ষা হবে না।
সৌদি আরব, কুয়েত ও কাতার সফরের জন্য রোববার এরদোগান তুরস্ক ত্যাগ করেন। দু’দিনের এই সফরের প্রাক্কালে ইস্তাম্বুলে তিনি বলেন, ‘এই সংকট দীর্ঘায়িত করে কারো স্বার্থই রক্ষিত হবে না।’
এসময় ভাইয়ে ভাইয়ে আগুন ছড়িয়ে দেয়ার জন্য ‘শত্রুদের’ অভিযুক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট। অবশ্য তিনি কোনো দেশ, গোষ্ঠী কিংবা ব্যক্তির নাম উল্লেখ করেননি।
জঙ্গিবাদে সমর্থন দেওয়ার অভিযোগ এনে গত ৫ জুন কাতারের উপর অবরোধ আরোপ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিসর। দুই সপ্তাহ পর অবরোধ প্রত্যাহারে কাতারকে ১৩ দফা শর্ত বেঁধে দেয় দেশগুলো।
তবে ওই অবরোধ আরোপের কৃতিত্ব দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন এক টুইটে তিনি লিখেছিলেন, ‘মধ্যপ্রাচ্য সফরের সময় আমি বলেছিলাম- জঙ্গি অর্থায়ন ঠেকাতে হবে, এটাকে কোনোভাবেই বাড়তে দেয়া যাবে না। দেখুন- নেতারা কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.