৯২-এ পা রাখা মাহাথির কী আবার প্রধানমন্ত্রী হবেন?
ওয়ান নিউজ ডেক্সঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক জনপ্রিয় ভোটে পিছিয়ে থেকেও নির্বাচনে জিতেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে অর্ধডজন দেশের সাথে দুর্নীতি কেলেঙ্কারিতে তার নাম জড়িয়ে পড়ে। কিন্তু মালয়েশিয়ার এই অভিজাত পরিবারের সন্তান ২০১৮ সালের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনেও জয়ের ব্যাপারে আশাবাদী থাকলেও সেটা এখন কঠিন বলে মনে হচ্ছে।
এর কারণ হচ্ছে, তার সাবেক মেন্টর হিসেবে পরিচিত মাহাথির মোহাম্মদ বেঁকে বসেছেন। দীর্ঘ ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থাকা মাহাথির একটি বিরোধী জোটে যোগ দিতে সম্মতি জানিয়েছেন। তিনি জানিয়েছেন তার জোট যদি নির্বাচনে জেতে তাহলে সরকার প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি। আগামী সপ্তাহে ৯২-তে পা দেওয়া মাহাথিরের বিরোধী জোট যদি নির্বাচনে জেতে এবং তিনি সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেন তাহলে তিনি হবেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী।
মাহাথির যে বিরোধী দলের সাথে জোট বেঁধেছেন তার নাম হলো ‘বারসাতো’। এর বাংলা দাঁড়ায় ‘একতাবদ্ধ হও’। এই দল গড়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ডেপুটি মুহিদ্দিন ইয়াসিন। গতবছর বিভিন্ন কেলেঙ্কারিতে নাজিবকে প্রশ্ন করলে তাকে বরখাস্ত করা হয়েছিল। নাজিবের দল থেকে বের হয়ে বারসাতো গঠন করেন ইয়াসিন। এরই মধ্যে সংসদের ২২২টি আসনের মধ্যে ১৬৫টি এলাকায় দলের শাখা খুলে ফেলেছেন। এমন সবল অবস্থা আর কোনো বিরোধী দলেরই নেই। আর এখানে মাহাথির মোহাম্মদের উপস্থিত সোনায় সোহাগা হিসেবেই দেখা দিতে পারে।
১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থাকাকালে দেশটির আধুনিকায়নে নেতৃত্ব দেন মাহাথির মোহাম্মদ। তার সময়েকালে পেট্রোনাস টুইন টাওয়ার্স নির্মিত হয়েছিল। সেটি বেশ কয়েকবছর বিশ্বের সর্বোচ্চ ভবন ছিল। এছাড়া আধুনিক ও উন্নত মালয়েশিয়ার নির্মাণে দেশ ও দেশের বাইরে বেশ সম্মানের পাত্র মাহাথির মোহাম্মদ। মাহাথিরের ফিরে আসার খবরে তার ভক্তকুল আনন্দ প্রকাশ করেছে। নাযারিয়া হারুন নামে দক্ষিণাঞ্চলীয় জোহর এলাকার বাসিন্দা বলেন ‘আমরা ছিলাম খুবই তরুণ যখন তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তখন আমাদের মনে হতো যেকোন কিছুই সম্ভব…মনে হতো গাড়িও আকাশে উড়বে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.