নিজস্ব প্রতিবেদকঃ খালেদা জিয়া ক্ষমতাকে টিকিয়ে রাখতে ২১ আগস্ট পুত্র তারেক রহমানকে দিয়ে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে বোমা হামলা চালান বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘খালেদা জিয়াও হত্যার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেননি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনা একই সূত্রে গাঁথা। জিয়াউর রহমান হত্যার রাজনীতি বেছে নিয়েছিলেন, সে পথেই হাটেন খালেদা জিয়া।’
রোববার (২৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আইভি রহমান পরিষদ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী আইভি রহমানের ১৬তম মৃত্যবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। বক্তব্যের শুরুতেই তথ্যমন্ত্রী ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু, তার পরিবারের সদস্যদের এবং ২০০৪ সালের ২১ আগস্ট শহীদ আইভি রহমানসহ সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ও তাদের আত্মার শান্তি কামনা করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি খুনের রাজনীতির ওপর প্রতিষ্ঠিত একটি দল। জিয়াউর রহমান জাতির পিতাসহ পুরো পরিবারকে হত্যা করতে ৭৫ এর ১৫ আগস্টেরর ঘটনা ঘটান। দেশবিরোধীদের মূল্যায়ন, বিরোধী মতকে দমন আর চৌকস মেধাবী অফিসারদের হত্যার মাধ্যমে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করেন।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.