১০ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৭১ মৃত্যু

সংবাদদাতা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে হাসপাতালটির করোনা ইউনিটে জুলাই মাসের প্রথম ১০ দিনে মোট ১৭১ জনের মৃত্যু হলো।

শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ছয়জন। আর বাকি ৮ জনের করোনার উপসর্গ ছিল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২০৭ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ৩১৫ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৫২২ জন।

ঈদুল ফিতরের পর থেকে রাজশাহীতে করোনার সংক্রমণ বাড়তে থাকে। শনাক্তের হার ৬০ শতাংশের উপরে উঠলে গত ১১ জুন সিটি করপোরেশন এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে প্রশাসন। পরে সেটি দুই দফা বাড়িয়ে গত ৩০ জুন মধ্যরাত পর্যন্ত করা হয়। এর মধ্যে শুরু হয়েছে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউন। কিন্তু তার মধ্যেও কমছে না করোনার প্রকোপ।

গত ২৯ জুন রামেকের করোনা ইউনিটে সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছিল, যা ছিল রামেকে একদিনে মৃত্যুর রেকর্ড।

চলতি মাসের ১ জুলাই ২২ জনের মৃত্যু হয়েছিল রামেক হাসপাতালের করোনা ইউনিটে, যা ছিল একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। গত ২ জুলাই হাসপাতালটির করোনা ইউনিটে মারা যান ১৭ জন। ৩ জুলাই ১৩ জন, ৪ জুলাই ১২ জন, ৫ জুলাই ১৮ জন, ৬ জুলাই ১৯ জন, ৭ জুলাই ২০ জন, ৮ জুলাই ১৮ জন, ৯ জুলাই ১৮ জনের মৃত্যু হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.