হোয়াইট হাউজের চিফ অব স্টাফ চূড়ান্ত করলেন বাইডেন

বিদেশ ডেস্ক:
সদ্য সমাপ্ত মার্কিন মার্কিন নির্বাচনের ফল এখনও মেনে নেননি দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এরইমধ্যে জোরেশরে সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা গ্রহণের লক্ষ্যে ট্রানজিশন টিম গঠনের পর এবার হোয়াইট হাউজের টিম গোছানোর দিকে নজর দিয়েছেন তিনি। নতুন চিফ অব স্টাফ হিসেবে বাছাই করেছেন রন ক্লেইনকে। ১৯৮০-এর দশক থেকেই বাইডেনের সহযোগী হিসেবে কাজ করছেন তিনি।

হোয়াইট হাউজের চিফ অব স্টাফ নিয়োগের বিষয়টি মূলত রাজনৈতিক। এই নিয়োগের ক্ষেত্রে সিনেটের অনুমোদন প্রয়োজন হয় না। ফলে রন ক্লেইন-এর চূড়ান্ত নিয়োগে বাইডেনকে বেগ পেতে হবে না বলে প্রতীয়মান হচ্ছে।

এক সময় সিনেটের জুডিশিয়ারি কমিটিতে দায়িত্ব পালন করেছেন রন ক্লেইন। ওবামা আমলে জো বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখনও ভাইস প্রেসিডেন্টের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরেরও চিফ অব স্টাফ ছিলেন তিনি। ফলে কাজের সুবাদেই হোয়াইট হাউজের অন্দর সম্পর্কে ভালো ধারণা রয়েছে তার।

এক বিবৃতিতে ক্লেইন-এর কাজের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বাইডেন। তিনি বলেন, হোয়াইট হাউসে ক্লেইনের মতো বিচিত্র অভিজ্ঞতাসম্পন্ন ও রাজনৈতিক পরিসরে কাজ করতে সমর্থ ব্যক্তির প্রয়োজন রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনও পর্যন্ত মেনে নেননি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আইনি পথেই এর ফায়সালা হবে। তবে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ট্রাম্পের আইনি ব্যবস্থার হুমকিতে কিছুই থেমে থাকবে না।

ক্ষমতায় টিকে থাকতে বিভিন্ন রাজ্যে ট্রাম্প শিবিরের মামলার প্রেক্ষিতে বাইডেন বলেন, কোনও কিছুই ক্ষমতা হস্তান্তরকে থামিয়ে রাখতে পারবে না। যাই ঘটুক না কেন, ২০ জানুয়ারি নতুন সরকার গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয়ে কাদের দায়িত্ব দেওয়া হবে; সে ব্যাপারে এরইমধ্যে পর্যালোচনা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের নির্বাচনের ফল মেনে না নেওয়া বিব্রতকর।

রয়টার্স/ইসপোস পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্প নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুললেও যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ এটি বিশ্বাস করে না। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ৮০ ভাগই বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মেনে নিয়েছেন। এই ৮০ ভাগের মধ্যে অর্ধেকেরও বেশি ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সমর্থক।

২০ জানুয়ারি সম্ভাব্য শপথ গ্রহণের পর নিজ প্রশাসনের অগ্রাধিকার তালিকা নিয়ে এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন বাইডেন। অন্যদিকে বাইডেনের এই ঘোষিত বিজয়কে উল্টে দিতে বড় ধরনের কোনও প্রমাণ ছাড়াই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলছেন ট্রাম্প। ভোট গ্রহণ ও ভোট গণনায় অনিয়মের অভিযোগ এনে এরইমধ্যে ট্রাম্প শিবিরের পক্ষ থেকে ডজনখানেক মামলা করা হয়েছে।

নিয়ম অনুযায়ী, ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার কথা। এর আগেই বিদায়ী ও আসন্ন প্রশাসনের মধ্যে সমন্বয়ের কাজটি সেরে নিতে হয়। তবে ট্রাম্প এখনও হার মেনে না নেওয়ায় সেই সমন্বয়ের প্রক্রিয়া এখনও শুরু হয়নি। সোমবার বাইডেন শিবির একজন কর্মকর্তা জানিয়েছে, বিষয়টি নিয়ে এখন আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তারা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.