নিজস্ব প্রতিবেদকঃ সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও সহায়তাকারীকে সুরক্ষা প্রদান নীতিমালা বাস্তবায়ন না করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাশনা ইমাম।
আইনজীবী রাশনা ইমাম জানান, হাইকোর্টের রায়ের পরও সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও সহায়তাকারীকে সুরক্ষা প্রদান নীতিমালা বাস্তবায়ন না হওয়ায় আহত ব্যক্তিরা যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছেন না। তাই এ বিষয়ে শুনানি নিয়ে আদালত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে জানতে চেয়ে দুই সপ্তাহের রুল জারি করেছেন।
২০১৬ সালের ২১ জানুয়ারি জনৈক আরাফাত নামে একজন বাসের হেলপার পা পিছলে নিচে পড়ে যান এবং মারাত্মকভাবে আহত হন। পরে তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে ওই হাসপাতাল চিকিৎসা করতে অস্বীকৃতি জানায়। সেই আহত ব্যক্তিকে নিয়ে অন্য আরো ২টি হাসপাতালে নেয়া হলে সেগুলো থেকেও প্রত্যাখ্যাত হয়ে গুলশান থানা থেকে একজন সাব-ইন্সপেক্টরের সহায়তায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড ট্রাস্ট সার্ভিসেস (ব্লাস্ট) ও সৈয়দ সাইফুদ্দীন কামাল বিষয়টি নিয়ে আদালতে রিট আবেদনটি দায়ের করে। এ রিটের শুনানি নিয়ে ওই বছরের ১০ ফেব্রুয়ারি দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রে মারাত্মক আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা সেবা দিতে পদক্ষেপ নেওয়ার নির্দেশসহ কয়েকটি আদেশ দিয়ে রুল জারি করেন হাইকোর্ট।
এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.