স্বামীকে বেঁধে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ৫

ডেস্ক নিউজ:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই গৃহবধূ মামলা করেছেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার কানিকাঁঠাল গ্রামের সিরাজুল ইসলাম, বাঘারপাড়া গ্রামের আব্দুল লতিফ, বেপারীটোলা গ্রামের শুভ মিয়া, আবু রায়হান ও ময়নুল ইসলাম।

এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ওই গৃহবধূ গ্রামের বাড়ি বেপারীটোলা থেকে স্বামীর সাথে একটি জরুরি কাজে অটোরিকশায় পাশের নবাবগঞ্জ উপজেলায় যাচ্ছিল। পথে উপজেলার দিওড় ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে কয়েকজন যুবক তাদের পথ রোধ করে। এসময় ওই যুবকরা চালককে মারপিট করে। এসময় গৃহবধূর স্বামী আনিছুর রহমান যুবকদের বাধা দিলে যুবকরা তাকে বেঁধে রাখে। পরে গৃহবধূর মুখ চেপে ধরে সেখানে স্থানীয় রেজাউল করিমের বাড়ির দক্ষিণ পাশে ওয়াহেদ আলী মেম্বারের ইউক্যালিপটাস বাগানে নিয়ে যায়। সেখানে ওই যুবকরা গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে এবং তাকে আহত অবস্থায় ফেলে চলে যায়।

পরে, রাত প্রায় ১টার দিকে ঘটনাস্থল থেকে ওই গৃহবধূ ৯৯৯ নম্বরে কল দেন। কল পেয়ে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই গৃহবধূ, গৃহবধূর স্বামী ও ভ্যানচালককে উদ্ধার করে। ঘটনার রাতেই পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে জড়িত পাঁচজনকে আটক করে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, রাতে গণধর্ষণের শিকার ওই গৃহবধূর নিকট থেকে ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যান এবং গৃহবধূসহ তিনজনকে উদ্ধার করেন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে এবং জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

ওসি আরও বলেন, গৃহবধূ গণধর্ষণের ঘটনার সাথে সম্পৃক্ত বাকিদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.