সোনাদিয়ায় পর্যটকবাহী বোট ডুবিতে যুবক নিখোঁজ

আতিকুর রহমান মানিকঃ
মহেশমহেশখালীর সোনাদিয়ায় পযটকবাহী বোট ডুবে সাকিব হাসান (১৮) নামে যুবক নিখোঁজ হয়েছে।
স্থানীয় ইউপি মেম্বারের তৎপরতায় এসময় আরো ১৪ জনকে সাগর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) রাত ৮ টায় সোনাদিয়া সমুদ্র চ্যানেলের পশ্চিমে ব্ল্যাকের দিয়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ সাকিব হাসান চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাককুমপাড়ার মোঃ জাফরের পুত্র। নিখোঁজ সাকিবকে উদ্ধারে সমুদ্রে বোটযোগে তল্লাশী চালাচ্ছেন স্বজনরা।
প্রাপ্ত তথ্যে প্রকাশ, সোমবার সকালে চকরিয়া উপজেলার খুটাখালী এলাকা থেকে সোনাদিয়ায় ভ্রমনে যায় ১৫ জন কিশোরের দল।
দিনব্যাপী ভ্রমণ, ফুটবল খেলা ও আনন্দ উল্লাস শেষে ফিরে আসার সময় রাত ৮ টার দিকে পর্যটকবাহী কাঠের ছোট বোটটি বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলের ব্ল্যাকের দিয়া পয়েন্টে পৌঁছলে প্রবল ঢেউয়ের তোড়ে বোটের তলা ফেটে পানি ঢুকতে শুরু করে।
ঢেউয়ের তোড়ে অনেকেই বোট থেকে ছিটকে পড়ে। এসময় ডুবন্ত বোট থেকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে সহায়তা চাওয়া হয়। খবর পেয়ে মহেশখালী থানা পুলিশের পক্ষ থেকে সোনাদিয়ার স্হানীয় মেম্বার একরাম মিয়াকে অবহিত করা হয়৷
কুতুবজোম ইউনিয়নের ২ নং ওয়ার্ড (সোনাদিয়া) ইউপি মেম্বার একরাম মিয়া জানান, থানা থেকে ফোন পেয়ে অপর একটি বোট নিয়ে দুর্ঘটনাস্হলে রওয়ানা হন তারা।
অকুস্থলে গিয়ে দীর্ঘক্ষন খোঁজাখুজির পর ডুবন্ত বোট ও সাগর থেকে ১৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও একজন এখনো নিখোঁজ রয়েছে।
উদ্ধারকৃত কিশোর তৌহিদ ও আবদুল্লাহ জানিয়েছেন, রাত সাড়ে ৮ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পানিতে সাতরানোর পর উদ্ধারকারী বোটের লোকজন ১৪ জনকে জীবিত উদ্ধার করে ঘটিভাঙ্গা ঘাটে নিয়ে আসে। পরে থানা পুলিশের সহায়তায় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই জানান, ভ্রমনে গিয়ে কাঠের বোটবাহি ১৫ যাত্রীর নৌকাডুবির ঘটনা শুনেছি। উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.