সুবিধাবাদী সিন্ডিকেটের হাতে জিম্মি কক্সবাজার আওয়ামী লীগ

নেই সম্মেলন ও কাউন্সিল

ডেস্ক নিউজ:
বাংলাদেশ আওয়ামী লীগ প্রায় ১৩ বছর ধরে রাষ্ট্র ক্ষমতায়। এ দীর্ঘ সময়েও কক্সবাজারে আওয়ামী লীগকে শক্তিশালী করতে পারেনি দলটির জেলা পর্যায়ের নেতারা। বছরের পর বছর জেলা, উপজেলা, ইউনিয়ন, এমনকি ওয়ার্ড পর্যায়েও মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই চলছে দলটির সাংগঠনিক কার্যক্রম। ফলে দলের কার্যক্রমে হারিয়েছে গতি।

জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, ২০১৬ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সিরাজুল মোস্তফাকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়। ওই বছরের ২১ অক্টোবর ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্র। এরপর কেটে গেছে সাড়ে ৫ বছর। জেলা আওয়ামী লীগের কমিটির মেয়াদ শেষ হয়েছে আড়াই বছর আগে। ফলে জোড়াতালির কমিটি দিয়ে চলছে কার্যক্রম। দীর্ঘদিন সম্মেলন ও কাউন্সিল না হওয়ায় একটি সুবিধাবাদী সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে জেলা আওয়ামী লীগ। দল পরিচালনা ও পুনর্গঠনে পুরো জেলায় ব্যর্থতার পরিচয় দিচ্ছেন দায়িত্বশীল নেতারা।

এদিকে আওয়ামী লীগ সূত্র জানায়, গত সাড়ে ৫ বছরে গঠনতান্ত্রিক নিয়মনীতি অনুসরণ করে একটি বর্ধিত সভা কিংবা কার্যকরী কমিটির নিয়মিত সভাও অনুষ্ঠিত হয়নি। এমনকি জেলা আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি, ত্যাগী ও দক্ষ সংগঠক, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে একটি সভা বা দোয়া মাহফিলও করেনি জেলা আওয়ামী লীগ।

এছাড়া দলের পরীক্ষিত, ত্যাগী ও অভিজ্ঞ নেতাদের বড় একটি অংশ বর্তমানে দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয়। সাংগঠনিক কর্মকাণ্ডেও তারা অনুপস্থিত। তারা দলের অভ্যন্তরে রাজনৈতিক চর্চার সুষ্ঠু পরিবেশ না থাকায় নিজেদের গুটিয়ে রেখেছেন। তাদের সাংগঠনিকভাবে সক্রিয় করারও কোনো উদ্যোগ নেই। দলে এখন হাইব্রিড এবং স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী পরিবারের সদস্যদের জয় জয়কার।

জেলার আওতাধীন ১০টি সাংগঠনিক উপজেলার সাংগঠনিক অবস্থাও খুবই নাজুক এবং নড়বড়ে। উপজেলার সঙ্গে ও জেলা কমিটির কোনো সম্পর্ক ও সমন্বয় নেই ।

খোঁজ নিয়ে জানা গেছে, চকরিয়া উপজেলা ছাড়া জেলার ৮টি উপজেলার প্রায় ইউনিয়নে আছে মেয়াদোত্তীর্ণ কমিটি। অনেক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ শূন্য বছরের পর বছর। এছাড়া বেশিরভাগ ইউনিয়নে ১০/১২ বছর আগের কমিটি দিয়ে চলছে কার্যক্রম।

বর্তমানে টেকনাফ উপজেলায় সাধারণ সম্পাদক আছেন, তবে সভাপতির পদ শূন্য। কক্সবাজার সদর উপজেলায় সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দ্বন্দ্ব এখন প্রকাশ্য রূপ নিয়েছে। রামু উপজেলা কমিটির সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের বিরোধ, দ্বন্দ্ব-সংঘাত চরম পর্যায়ে। চকরিয়া উপজেলায় দলের নেতাকর্মীদের মধ্যে বিভাজন চরম পর্যায়ে। চকরিয়া পৌরসভায় সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে। পেকুয়া উপজেলায় সভাপতি পদ শূন্য দীর্ঘদিন। কুতুবদিয়া উপজেলায় সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিরোধ লেগেই আছে। মহেশখালীতে সাংগঠনিক কর্মকাণ্ড নেই বললেই চলে। সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য। তিনি জেলা আওয়ামী লীগেরও যুগ্ম সাধারণ সম্পাদক।

জেলা আওয়ামী লীগের সদস্য রাশেদুল ইসলাম বলেন, কক্সবাজার জেলায় আওয়ামী লীগের রাজনীতিতে নোংরামি চলছে। এখানে একটি বড়সড় ঝাঁকুনি দরকার। ব্যাপক পরিবর্তন দরকার জেলা-উপজেলার সর্বত্র। কেন্দ্র বুঝতে যতই দেরি করবে, ততোই দুর্গন্ধ ছড়াবে। তাই এখনই এর লাগাম টানা দরকার।

চকরিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য জাফর আলম বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য জনগণের কাছে পৌঁছাতে হলে জেলা আওয়ামী লীগকে ঢেলে সাজাতে হবে। সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে দলকে। এজন্য নতুন নেতৃত্ব দরকার ।

কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরপর দু’দিন চেষ্টা করার পরও তিনি ফোন ধরেননি।

জেলা সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ২০১৯ সালে আমরা কয়েকটা ইউনিয়নে তৃণমূল পর্যায়ের সম্মেলন করেছিলাম। এরমধ্যে উপজেলা পর্যায়ে নির্বাচন আসায় সেটা কন্টিনিউ করা যায়নি। নির্বাচনের পরই শুরু হলো করোনা। যে কারণে দল গোছানোর কাজে আমরা বাধাপ্রাপ্ত হয়েছি।

অচিরেই দল গোছানো শুরু হবে জানিয়ে প্রবীণ এই নেতা বলেন, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ এবং বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক স্বপন ভাইয়ের সাথে পরামর্শ করে আমরা কাজ এগিয়ে নিচ্ছি। আমরা মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর পুনর্গঠনের কাজ শিগগিরই শুরু করব।

দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ( চট্টগ্রাম বিভাগ) আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অনেক আগেই সম্পন্ন হতো। কিন্তু বৈশ্বিক মহামারি করোনার কারণে তা সম্ভব হয়নি।

তিনি জানান, করোনার প্রকোপ আরেকটু কমলে তিনি সাংগঠনিক সফরে কক্সবাজারে আসবেন। এরপর জেলা আওয়ামী লীগকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হবে। দ্রুত সময়ের মধ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা কমিটির সম্মেলন ও কাউন্সিল হবে।

-মহানগর নিউজ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.