সুবাতাস ছড়িয়ে বিদায়ের সুর চসিক প্রশাসক সুজনের

ডেস্ক নিউজ:
এক দিন, দুই দিন করে কেট গেল প্রায় ৬ মাস। বারবার বঞ্চিত রাজনীতির ত্যাগী নেতা খোরশেদ আলম সুজন অনেকটা আকষ্মিকভাবেই পেয়েছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব। তার এই যাত্রাটা ৬ মাসের হলেও তিনি এসেই হিন্দি সিনেমার নায়ক ‘ফাটাকেষ্ট’র মত তড়িৎ পদক্ষেপ নিয়ে নজর কেড়েছেন পুরো দেশবাসীর।
এ যেন এলেন, দেখলেন আর জয় করেলেন! সিটি করপোরেশনের চলা দীর্ঘদিনের সিস্টেমকে পুরোপুরি ভাঙতে না পারলেও তিনি দিয়েছেন ধাক্কা আর জয় করলেন ৬০ লাখ নগরবাসীর মন। এ অবস্থাতেই গেল ২৭ জানুয়ারি চট্টগ্রামবাসী পেয়ে গেল তাদের নতুন মেয়র। দায়িত্ব নেওয়ার অপেক্ষায় আওয়ামী লীগে তারই সহযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। আর সেই সাথে বেজে উঠলো খোরশেদ আলম সুজনের বিদায় ঘণ্টা। আগামী ৫ ফেব্রুয়ারি শেষ হতে যাচ্ছে চসিক প্রশাসক হিসেবে সুজনের সংক্ষিপ্ত সময়ের যাত্রা।

চট্টগ্রামের মেয়র পদে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের মেয়াদ শেষ হয় গেল ৫ আগস্ট। নিয়ম অনুযায়ী, মেয়াদপূর্তির ১৮০ দিনের মধ্যে এ সিটির নির্বাচন হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ২৯ মার্চ ভোটের তারিখ রেখে তফসিলও দেয় ইসি। কিন্তু মহামারীর কারণে ভোটের সপ্তাহখানেক আগে তা স্থগিত করা হয়। সেই নির্বাচন আর নির্ধারিত সময়ের মধ্যে করতে না পারায় সিটি চালাতে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় মনোনয়নবঞ্চিত খোরশেদ আলম সুজনকে।

স্থানীয় সরকার নির্বাচন (সিটি করপোরেশন) আইনের ২৫ ধারা অনুযায়ী, সময়মত নির্বাচন করতে না পারলে মেয়াদোত্তীর্ণ সিটি করপোরেশনে একজন উপযুক্ত ব্যক্তি বা কোনো কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ দিতে পরে সরকার। তবে সেই প্রশাসক ১৮০ দিন অর্থাৎ ছয় মাসের বেশি দায়িত্বে থাকতে পারেন না।

 

চট্টগ্রাম সিটি করপোরেশেনের দায়িত্ব পাওয়ার পর থেকে অবশ্য ব্যস্ততাতেই দিন কেটেছে খোরশেদ আলম সুজনের। পরিচ্ছন্ন নগরী গঠন, নগর ভবনকে দুর্নীতি মুক্ত করা, নাগরিক বিভিন্ন সমস্যার তড়িৎ সমাধানসহ নানা আশ্বাস দিয়েছিলেন তিনি। নাগরিক সেবা নিশ্চিতে বেশ সফলতাও আছে তার ঝুড়িতে। তার গৃহীত কর্মসূচির মধ্যে সবচেয়ে আলোচিত ছিল ‘নগরসেবা ক্যারাভান’। তবে বরাবরের মতো নানা সমালোচনাও পিছু ছাড়েনি সুজনের।

মাত্র ছয় মাসের জন্য নগরের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করা এই বর্ষীয়ান রাজনীতিক অবশ্য বলছেন, ‘দায়িত্বগ্রহণের পর থেকে আমি একটি দিনও বসে থাকিনি। যেখানে অনিয়মের খবর পেয়েছি ছুটে গিয়েছি। আমার সফলতা-ব্যর্থতা নগরবাসীই মূল্যয়ন করবে।’

তিনি বলেন, ‘ আমি স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। সিটি কর্পোরেশনের স্বাস্থ্যবিভাগ মুখ থুবড়ে পড়েছিল। আমি চেস্টা এটা ঠিক করতে। আমি মন্ত্রণালয়ে অনুরোধ করেছি এ বিভাগে যেন স্পেশাল বরাদ্দ দেওয়া হয়। উনারা আমাদের আশ্বস্ত করেছেন।’

দায়িত্ব নেওয়ার পর কোনো রকম প্রকল্প ছাড়াই নগরীর বুকে বয়ে যাওয়া অন্তত ১৫টি খাল থেকে ভরাট বালি-ভারী আর্বজনা অপসারণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রশাসক সুজন। চকবাজার-কাপাসগোলা এলাকায় চাক্তাই খালের অংশবিশেষ, চশমা হিল সংলগ্ন কসমোপলিটন খাল, ওয়্যার সিমেট্রি সংলগ্ন খালের অংশসহ নালাগুলো পরিষ্করের আগে আর্বজনা জমে সৃষ্টি হয়েছিল জলজট। এমনকি কোথাও কোথাও আবাদী জমিতে রূপান্তরিত করে ফেলা হয়েছিল খালের কিছু অংশ। কিন্তু শুধুমাত্র করপোরেশনের পরিচ্ছন্নতা ও প্রকৌশলের বিভাগের সমন্বয়ে তেমন কোনো ঝামেলা ছাড়াই অপসারণ করা হয় ভারী বর্জ্যগুলো। সেখানে এখন স্বাভাবিক হয়েছে পানি চলাচল ।

এ বিষয়ে প্রশাসক সুজন সিভয়েসকে বলেন, ‘একটি প্রকল্প চাইতে পারতাম। কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমি চেস্টা করেছি আমার যতটুকু লোকবল ও সম্বল আছে তাদের কাজে লাগাতে। এখানে বিষয়টা হচ্ছে পুকুরে না নামলে সাতাঁর কাটা যায় না।’ কিন্তু পরবর্তীতে এসব খাল-নালা সংরক্ষণে উদ্যোগ নেওয়া আব্যশক বলে মন্তব্য করেন তিনি।

এদিকে দায়িত্ব নেওয়ার পরই নগর ভবনের দুর্নীতিবাজদের হুঁশিয়ারি দিয়ে সুজন বলেছিলেন, ‘দুর্নীতি যারা করেছেন তারা তওবা করে ফেলেন। আমি যার কাছে অনিয়ম দেখবো; দুই নাম্বারি দেখবো; আমার সঙ্গে, মানুষের সঙ্গে, নগরবাসীর সঙ্গে বেইমানি ও বিশ্বাসঘাতকতা করবেন তাদের ক্ষমা করবো না। ভুল করাটা অপরাধ নয়, ভুল স্বীকার করবেন। ভুলের হিমালয় তৈরি করতে দেওয়া হবে না কাউকে। যার যেটা দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন। একদম হানড্রেড পারসেন্ট সততার সঙ্গে পালন করবেন।’

সেই হুঁশিয়ারির ধারাবাহিকতায় করপোরেশনের রাজস্ব বিভাগ, পরিচ্ছন্নতা বিভাগ, প্রকৌশল বিভাগ, স্বাস্থ্যবিভাগে করা হয়েছিল ব্যাপক রদবদল। চসিকের পক্ষ থেকে যদিও এগুলোকে রুটিন মাফিক বদলী হিসেবে দেখানো হয়। নগর ভবনজুড়ে অবশ্য গুঞ্জন রয়েছে- বেছে বেছে দুর্নীতিগ্রস্থদেরই বদলী করা হয়েছে। এ বিষয়ে প্রশাসক সুজনও বলেছেন, ‘দুর্নীতির একটি অজগর সাপের বিরুদ্ধে আমি যুদ্ধে নেমেছি। এখানে প্রতিটি ক্ষেত্রে অনিয়ম খুঁজে পাচ্ছি। যেই কর্মকর্তার নামে বেশি অভিযোগ, তাকে করা হয়েছে পুরস্কৃত। দেওয়া হয়েছে একাধিক বিভাগের দায়িত্ব। এখানে তেল চুরি হয়। কাজ না করেই অনেকে বেতন তুলছেন।’

সিভয়েসকে চসিক প্রশাসক সুজন বলেন, ‘আমি সিটি কর্পোরেশনের সমস্যাগুলো চিহৃিত করেছি। পরবর্তী মেয়র সেগুলো মাথায় রেখে কর্পোরেশন পরিচালনা করতে পারবেন। এগুলো কীভাবে কাটিয়ে উঠা যায়? সে বিষয়ে ভাবতে হবে। তাহলে কর্পোরেশন পরিচালনার কাজটা সহজ হবে।’

নগরজুড়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধেও উচ্ছেদ অভিযান জোরদারের ঘোষণা দেন সুজন। সিটি করপোরেশনের মালিকানাধীন জায়গায়, ফুটপাত ও সড়কে যেখানে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে, সেখানেই চলে উচ্ছেদ অভিযান। কিন্তু শেষ পর্যন্ত অবৈধ দখলদারদের লাগাম টানতে সক্ষম হননি ছাত্রজীবন থেকে আওয়ামী রাজনীতিতে যুক্ত থাকা এই নেতা। তার নির্ধারিত মেয়াদ ছয় মাস শেষ হতে চললেও নিউমার্কেট, চকবাজার, আগ্রাবাদসহ সব কটি সড়ক-ফুটপাতে দখলদারদেরই রাজত্ব। এ প্রসঙ্গে চসিক প্রশাসক সুজন বলেন, ‘দরিদ্র হকারদের উচ্ছেদ নয়, আমি চেষ্টা করেছি নগরবাসীর জন্য সুন্দর হাঁটার পথ করে দিতে। হকারদের টাইমফ্রেমে বেঁধে দিয়েছি।’

নিজের স্বল্প এই মেয়াদের মধ্যে শেষ করে যেতে পারেননি নগরীর পোর্ট কান্টেকটিং রোডের কাজটি। অথচ প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ কাজ শেষে করতে এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছিলেন সুজন। সর্বশেষ গত ২৩ জানুয়ারি পিসি রোড পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দায়িত্ব পাওয়ার পর থেকে জনগুরুত্বপূর্ণ এই সড়কটির কাজ শেষ করতে নানাভাবে চেষ্টা করেছি। সড়কটির গুরুত্ব অনুধাবন করে দ্রুততার সঙ্গে কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে তাগিদ দিয়েছি। কিন্তু এরপরও কয়েকটি প্রতিষ্ঠান কোনকিছুই কর্ণপাত করেনি। এভাবে রাষ্ট্রীয় কাজ নিয়ে গাফেলতি করাতো অপরাধ। পিসি রোডের দুরবস্থার বিষয়ে সরকারের উচ্চপর্যায়ও অবহিত। তাই চেষ্টা করা হয়েছিল এর কাজ সম্পূর্ণ শেষ করার।’ কাজে গাফেলতি করায় ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করার হুশিয়ারিও দিয়েছেন চট্টগ্রামের রাজনীতিতে ‘বঞ্চিত’ নেতা হিসেবে পরিচিত খোরশেদ আলম সুজন।

অসমাপ্ত কাজগুলো সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বলেছি, আমি আমার সম্বলের সর্বোচ্চ ব্যাবহারের চেস্টা করেছি। কিছু কাজ শেষ হয়নি। হয়তো কিছু সমন্বয়হীনতা ছিলো।’

নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরীর কাছে প্রত্যাশা কি। এ প্রশ্নের উত্তরে প্রশাসক সুজন বলেন, ‘আমি আশা করি পরিকল্পনা অনুযায়ী শহরকে গড়ে তোলার জন্য উনি সর্বাত্মক পদক্ষেপ নেবেন। যিনি নগরপিতা হবেন, তিনি নগরের অবিভাবক। সুতরাং সকলকে নিয়ে উনাকে কাজ করতে হবে। বিশেষ করে পরিচ্ছন্ন ও মানবিক শহর গড়ে তোলার জন্য উনি অবদান রাখবেন।’

-সিভয়েস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.