সিনহা হত্যা মামলায় আরো ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ সাবেক মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আরো ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। এই তিনজনকে কক্সবাজারের আদালতে নেয়া হচ্ছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তার তিনজন পুলিশ বাদী মামলার সাক্ষী। এরা হলেন- স্থানীয় বাসিন্দা নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ ও নেজাম উদ্দিন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় হত্যা ও মাদক আইনে এবং রামু থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা দায়ের করে।

র‍্যাব সূত্র জানিয়েছে, সোমবার (১০ আগস্ট) রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকা থেকে এ তিন জনকে গ্রেপ্তার করা হয়।পরে মঙ্গলবার বিকেল ৪টা ২৫মিনিটে তাদের আদালতে নিয়ে যাওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, র‍্যাবের তদন্তকারী কর্মকর্তা ওই তিনজনকে ১০দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন। তবে রিমান্ড আবেদনের শুনানি কখন হবে তা নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.