নিজস্ব প্রতিবেদকঃ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হতে পারে।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জামিলুল হক মামলাটির তদন্ত করছিলেন। তার স্থলে নতুন একজন তদন্ত কর্মকর্তা নিয়োগের সম্ভাবনা আছে।
বৃহস্পতিবার রাতে র্যাব-১৫ এর উপঅধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করার পর কারাগারে থাকা রিমান্ড মঞ্জুর হওয়া আসামিদের র্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে কক্সবাজার জেলা কারাগারে গিয়েছিলেন মামলার তদন্তকারী সংস্থা র্যাবের একদল সদস্য।
তাদের একজন জেল সুপারকে এ সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টসসহ সাক্ষাৎ করেন। অনেকক্ষণ অফিসে বসেন। কথা বলেছেন। পরে আসামিদের না নিয়ে ফিরে গেছেন।
গত ৩১ জুলাই পুলিশের গুলিতে খুন হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোঃ রাশেদ খান। এ ঘটনায় তার বড়বোন শারমিন শাহরিয়া ফেরদৌস পুলিশের ৯ জনকে আসামী করে টেকনাফ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ৫ আগস্ট হত্যা মামলা দায়ের করেন। যার টেকনাফ থানার মামলা নম্বর : ৯/২০২০, জিআর মামলা নম্বর : ৭০৩/২০২০। মামলাগুলো তদন্ত করছে র্যাব।
অন্যদিকে পুলিশের পক্ষ থেকে এর আগে রামু ও টেকনাফ থানায় ৩টি মামলা দায়ের করা হয়। এই ৩টি মামলায় আসামি করা হয়েছে সিনহার সঙ্গি সাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা রাণী দেবনাথকে। ৪টি মামলারই তদন্তভার দেয়া হয়েছে র্যাবকে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.