নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এওয়াইবিআই সিদ্দিকী (৭৬) ক্যান্সারে আক্রান্ত হয়ে গতরাত (১৭ জুলাই) একটা ৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
সিদ্দিকী ১৯৪৫ সালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ২৭ সেপ্টেম্বর ১৯৯৮ থেকে ৭ জুন ২০০০ সাল পর্যন্ত সততা, দক্ষতা ও সুনামের সাথে আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার প্রথম জানাজা রোববার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সাবেক পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মরহুমের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
পরে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন নেতৃবৃন্দও পুষ্পস্তবক অর্পণ করে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান।
জানাযা শেষে বাংলাদেশ পুলিশের ব্যাবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে পাঠানো হয়েছে। সেখানে আজ (১৮ জুলাই) বাদ আছর দক্ষিণ রহমতনগর মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.