ক্রীড়া ডেস্ক:
জুভেন্টাসে খারাপ পারফরম্যান্সের জন্য অনেকে অনেকরকমের সমালোচনা করছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে। কিন্তু রোনালদো কোনো সমালোচনা গায়ে মাখেন না। বরং তিনি পর্তুগালের হয়ে সেরাটা দিতে প্রস্তুত। এমনটি জানিয়েছেন পর্তুগাল দলের কোচ ফার্নান্দো সান্তোস।
ফার্নান্দো সান্তোস বলেছেন, ‘রোনালদো যখন জাতীয় দলে খেলে সে ১০০ ভাগ দিয়েই খেলে। ফুটবলের প্রতি তার আবেগ, আগ্রহ, ভালোবাসা কোনো কিছুরই কমতি থাকে না। আমি মনে করি না, মানসিকভাবে সে কোনো সমস্যায় ভুগছে।’
তিনি আরো বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি রোনালদোকে পরামর্শ দিয়ে থাকি। তার বয়স যখন ১৮ তখন আমি তার হেড কোচ ছিলাম। তার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা অনেক কথা বলি। তার সাথে আমার একেবারে বন্ধুত্বের মত সম্পর্ক। গুরু-শিষ্য সম্পর্ক না। সে আমার কাছে পরামর্শ চাইলে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করি।’
বুধবার বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজারবাইজানের মুখোমুখি হবে পর্তুগাল।
সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকেই বিদায় নেয় জুভেন্টাস। এরপর থেকেই কড়া সমালোচনা সহ্য করতে হচ্ছে রোনালদোকে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.