শিক্ষার্থীদের দখলে শাহবাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ওয়ান নিউজঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে রাজধানীর শাহবাগ মোড় দখলে নিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার (৫ আগস্ট) বেলা ১টার পর থেকে শাহবাগের উদ্দেশ্য আসতে থাকে আন্দোলনকারীরা। এ সময় বিক্ষিপ্তভাবে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে এসে জড়ো হয়।

আন্দোলনকারী সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছে। শাহবাগ মোড়ে পুলিশ দেখা যায়নি।

জানা গেছে, রামপুরা, কাকরাইল ও বেইলী রোডের দিক থেকে আন্দোলনকারী শাহবাগের দিকে যাচ্ছেন।

এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর উত্তরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীরা সড়কে নেমে আন্দোলন চালিয়েছে যাচ্ছে।

এয়ারপোর্ট থানা পুলিশের একজন পরিদর্শক জানান, দুপুর ১টার দিকে লাখ খানেক শিক্ষার্থী শাহবাগের দিকে রওনা হয়। তারা উত্তরার মানারাত ইউনিভার্সিটির, উত্তরা ইউনিভার্সিটির, নর্দান ইউনিভার্সিটি, উত্তরা হাইস্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি টঙ্গীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এদিকে সোমবার (৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়
বেলা ৩টায় জাতির উদ্দেশে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ভাষণ দেবেন। এ পর্যন্ত সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।

অপরদিকে সবাইকে শাহবাগ আসার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। সোমবার (৫ আগস্ট) দুপুরে ২টার পর তিনি এ ঘোষণা দিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.