নিজস্ব প্রতিবেদকঃ করোনা মহামারির কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে ২৫ আগস্টের পর জানা যাবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, আমরা কাছাকাছি সময়ে গিয়ে সিদ্ধান্ত ঘোষণা করি। ২৫ আগস্টের পরে আমরা ঘোষণা করব। যখনই সিদ্ধান্ত হবে তখনই তা সবাইকে জানিয়ে দেয়া হবে।
কোনো সিদ্ধান্ত বা ঘোষণা না পাওয়া পর্যন্ত গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন শিক্ষা সচিব।
জেএসসি পরীক্ষা নিয়ে সচিব বলেন, শুধু জেএসসি না, অন্যান্য পরীক্ষার ব্যাপারে আমাদের বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়েছেন সেগুলো পর্যালোচনা করে উপযুক্ত সময়ে ঘোষণা করবো আমরা কী করতে যাচ্ছি।
উল্লেখ্য, মহামারী করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে এই বন্ধের মধ্যে যাতে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি না হয় সেজন্য সংসদ টেলিভিশনের মাধ্যমে সরকার প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে যাচ্ছে। এছাড়া বাংলাদেশ বেতারসহ বেশ কয়েকটি রেডিও’র মাধ্যমেও ইতোমধ্যে পাঠদান শুরু হয়েছে। আর বিশ্ববিদ্যালয়গুলোও অনলাইনের মাধ্যমে তাদের শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে যাচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.