নিজস্ব প্রতিবেদকঃ ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাজধানীর শাহবাগে ধর্ষণবিরোধী গণজমায়েত শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ‘ধর্ষকের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে ধর্ষণবিরোধী জমায়েত শুরু হয়েছে।
গণজমায়েতে যোগ দিয়েছেন ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মী, লেখক-কবি ও ব্লগাররা।
তবে কর্মসূচি পুরোপুরি শুরু করা যায়নি। বৃষ্টি কমলে পুরোদমে শুরু হবে বলে জানিয়েছেন তারা।
আর একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র রাজু ভাস্কর্য চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন ধর্ষণবিরোধী আন্দোলনকারীরা।
জানা গেছে, শাহবাগ মোড় থেকে কিছুক্ষণের মধ্যেই নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল বের করা হবে।
জমায়েত থেকে ‘আমার মাটি আমার মা, ধর্ষকদের হবে না’, ‘যে রাষ্ট্র ধর্ষকের, সে রাষ্ট্র মানি না’, ‘যে রাষ্ট্র ধর্ষককে পুষে, সে রাষ্ট্র মানিনা’ সহ ধর্ষণবিরোধী নানা স্লোগান নিয়ে আন্দোলনকারীরা মাঠে রয়েছেন।
এদিকে, নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালনের কথা রয়েছে তাঁদের।
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এর আগে গতকাল সোমবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়। ধর্ষণবিরোধী গণজমায়েতে উত্তাল হয়ে ওঠে রাজধানীর শাহবাগ। উত্তরায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিবাদী পোস্টার ও প্ল্যাকার্ড হাতে ছাত্র-জনতা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়। কোনো পোস্টারে লেখা ছিল ‘ছি! রাষ্ট্র’, আবার কারো কারো হাতে ছিল ‘রুখে দাঁড়াও আমার বোন, ধর্ষণের বিচার চাই’ লেখা পোস্টার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.