শারদীয় দুর্গাপূজা শুরু, আজ ষষ্ঠী

ওয়ান নিউজঃ স্বাস্থ্যবিধি মেনে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রেখে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলো আজ থেকে। শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী দুর্গা বাপের বাড়ি বেড়াতে এলেন দোলায় করে। জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ফিরে যাবেন গজে করে।

আজ ষষ্ঠী, দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। দেবী দুর্গার মূল প্রতিমায় পূজা শুরু আজ। করোনা মহামারির কারণে এবার দুর্গাপূজার বাজনা তেমন না বাজলেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে পূজা শুরু হচ্ছে। পাঁচ দিনব্যাপী এই পূজা আগামী ২৬ শে অক্টোবর, সোমবার বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে।

গত ১৭ই সেপ্টেম্বর মহালয়ার পর দেবীপক্ষের সূচনা হলেও এ বছর আশ্বিন মাস ‘মলমাস’ হওয়ায় বরাবরের মতো দেবীপক্ষে দুর্গাপূজা শুরু হয়নি। এক মাসে দুটি অমাবস্যা থাকলে তাকে বাংলায় মলমাস বলা হয়। এই মাসে কোনো শুভ অনুষ্ঠান করা যায় না। তাই মহালয়ার ১ মাস ৫ দিন পর আজ থেকে হেমন্ত ঋতুর কার্তিকে ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হলো।

এছাড়াও, ভক্তিমূলক সংগীত ছাড়া অন্য কোনো গান যেন বাজানো না হয়, মাইক বা পিএ সেট যেন ব্যবহার করা না হয়, পূজামন্ডপে ‘প্রয়োজনের অতিরিক্ত দীর্ঘ সময়’ কোনো দর্শনার্থী যেন না থাকে এবং সন্ধ্যার বিরতির পর দর্শনার্থীদের প্রবেশে যেন নিরুৎসাহিত করা হয় সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে, এ বছর সারাদেশে ৩০ হাজার ২শ ২৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর সারাদেশে দুর্গাপূজার মন্ডপের সংখ্যা ছিল ৩১ হাজার ৩৯৮টি। গতবছরের তুলনায় এবার ১হাজার ১শ ৭৫ টি মন্ডপে পূজা কম হচ্ছে। অন্য দিকে ঢাকা মহানগরে এ বছর পূজা মন্ডপের সংখ্যা ২শ ৩৩টি। গত বছর এ সংখ্যা ছিলো ২শ ৩৭টি। আর ঢাকা জেলায় পূজা হচ্ছে ৭শ ৪০টি। গতবছরের চেয়ে এবার মাত্র দুটি মন্ডপে পূজা কম হচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.