শরীফ হত্যা মামলায় মিন্নি খালাস চেয়ে হাইকোর্টে আবেদন

নিজস্ব প্রতিবেদকঃ বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নি খালাস চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন।

মঙ্গলবার বিকালে মিন্নির পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী মাক্কিয়া ফাতেমা এই আবেদন করেন।

এক ভিডিও বার্তায় মিন্নির পক্ষের আইনজীবী জেড আই খান পান্না বলেন, ‘আমরা আশা করি মিন্নির আপিল শুনানি তাড়াতাড়ি শুরু হবে। তিনি উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পাবেন।’

এর আগে মিন্নির স্বাক্ষর করা ওকালতনামা ও মামলার রায়ের সইমোহরকৃত কপি নিয়ে গত ৪ অক্টোবর মিন্নির বাবা মোজাম্মেল হোসেন হাইকোর্টে আইনজীবী জেডআই খান পান্নার কক্ষে আসেন।ওই দিন (৪ অক্টোবর) সকালে মিন্নিসহ ছয় আসামির ডেথ রেফারেন্স নথি হাইকোর্টে পৌঁছায়।

নিয়ম অনুযায়ী, মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য (ডেথ রেফারেন্স) মামলার যাবতীয় কার্যক্রম উচ্চ আদালতে পাঠানো হয়। রায়ের কপি হাইকোর্টে আসার পর আসামিরা সাত দিনের মধ্যে আপিল আবেদন করতে পারবেন। সে অনুযায়ী নির্দিষ্ট দিনের মধ্যেই আপিল আবেদন করেন আইনজীবীরা।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। এর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ঘটনার পরদিন ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনের বিরুদ্ধে মামলা করেন রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ। মিন্নিকে প্রথমে এই মামলার প্রধান সাক্ষী করা হলেও পরে পুলিশ এই হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা পেয়ে তাকে আসামি করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.