ডেস্ক নিউজ:
কক্সবাজারের রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় পাঁচ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। সেখানের স্থানীয় কৃষক ও রোহিঙ্গাদের জন্য এই অর্থ ব্যয় করা হবে।
বুধবার (২১ অক্টোবর) ঢাকার জাপান দূতাবাস ও জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
জাপান সরকারের এই অনুদান ডব্লিউএফপির কৃষক কর্মসূচিকে সহায়তা দেবে, যার মাধ্যমে শরণার্থীরা ডব্লিউএফপির সহায়তা কার্ড ব্যবহার করে বাজার থেকে স্থানীয় কৃষক উৎপাদিত টাটকা খাদ্যসামগ্রী নিয়মিত কিনতে পারবে। কক্সবাজার জেলার প্রায় দুই হাজার ৪শ স্থানীয় কৃষক বর্তমানে এই কর্মসূচিতে টাটকা শাকসবজি সরবরাহ করছে, যার দ্বারা এক লাখ মানুষের চাহিদা পূরণ করা সম্ভব।
জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বলেন, খাদ্য সহায়তার মাধ্যমে সারা বিশ্বে ক্ষুধা ও দারিদ্র্য নির্মূল করতে বিশেষ অবদানের জন্য শান্তিতে নোবেল পুরষ্কার প্রাপ্তিতে আমি ডব্লিউএফপিকে প্রাণঢালা অভিনন্দন জানাই।
বাংলাদেশে ডব্লিউএফপির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আলফা বাহ বলেন, কৃষকদের বাজারের এই মডেল দিয়ে এটাই প্রতীয়মান হয় যে, শরণার্থীদের সহায়তায় পরিচালিত কর্মকাণ্ড স্থানীয় বাসিন্দাদের জন্য প্রচুর অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করতে পারে। এই বাজার উভয় সম্প্রদায়ের জন্যই লাভজনক। কারণ এর মাধ্যমে স্থানীয় খাদ্য উৎপাদনকারীদের আয়ের সুযোগ তৈরি হয় এবং অন্যদিকে শরণার্থী জনগণের খাদ্যবৈচিত্র্য বাড়ে। অচ্ছেদ্য এক অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে এই মডেল দুই সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক ঐক্য দৃঢ় করার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা রাখছে।
২০১৭ সালে শরণার্থীদের সহায়তায় ডব্লিউএফপির কর্মকাণ্ড সম্প্রসারণ করা হয়। সেই থেকে জাপানের অনুদান শরণার্থীদের জন্য পরিচালিত ডব্লিউএফপির কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখছে। জাপানের দেওয়া ১৫ মিলিয়ন ইউএস ডলারের প্রথম অনুদান কাজে লাগিয়ে ডব্লিউএফপি ২০১৭ সালে রোহিঙ্গা শরণার্থীদের জীবন রক্ষাকারী অনেক ধরনের সহায়তা দিয়েছিল যখন প্রথম তারা এখানে এসেছিল। ২০১৯ সালে জাপান আরও ৫ মিলিয়ন ইউএস ডলার অনুদান দিয়েছিল কক্সবাজার ও পটুয়াখালীর ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা ও শরণার্থীদের জন্য পরিচালিত ই-ভাউচার প্রকল্পের সম্প্রসারণের জন্য।
প্রতি মাসে ডব্লিউএফপি মিয়ানমার থেকে আসা আট লাখ ৬০ হাজার বাস্তুচ্যুত মানুষ ও পাঁচ লাখের বেশি স্থানীয় বাসিন্দাদের খাদ্য সহায়তা দেয়। -বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.