রিমান্ড শেষে কারাগারে হেফাজতের নায়েবে আমির আবদুল কাদের

অনলাইন ডেস্ক:
নাশকতার মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির আহমদ আবদুল কাদেরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

আজ রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জেলহাজতে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক তাজুল ইসলাম। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর আগারগাঁও থেকে আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

প্রসঙ্গত, রাজধানীর পল্টন থানায় নাশকতার মামলার অন্যতম আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তিনি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নাশকতার মামলারও অন্যতম আসামি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.