রাশিয়ার ওপর আরো ৩ দেশের নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের আরো তিনটি দেশ। রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী দুটো অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার পর আজ বুধবার অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা আসে। মস্কোকে যুদ্ধ থেকে বিরত রাখতে অর্থনৈতিক, বাণিজ্য ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপসহ দেশগুলো নানা পদক্ষেপ নিয়েছে বলে খবর মার্কিন বার্তা সংস্থা এপির।

ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের জবাবের প্রথম পদক্ষেপ হিসেবে অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। এ সময় তিনি বলেন, রাশিয়া যা করছে তাকে কোনোভাবেই ন্যায়সঙ্গত কিছু বলা যাবে না। তারা গুণ্ডা-বদমাশের মতো আচরণ করছে, এবং তাদেরকে গুণ্ডা-বদমাশ বলেই ডাকা উচিৎ।

রাশিয়া ও ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দুটোর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে জাপান সরকার। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানান, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া বেশ কিছু আগ্রাসী পদক্ষেপ নেয়ায় রুশ সরকারি বন্ডের নতুন ইস্যু ও বিতরণ নিষিদ্ধ করবে টোকিও। পাশাপাশি ইউক্রেনের বিদ্রোহী অঞ্চলগুলোর সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের ভিসা দেয়া বন্ধ করা হবে এবং জাপানে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। পরিস্থিতি আরো খারাপ হলে নতুন নিষেধাজ্ঞা আরোপ করার কথাও জানিয়েছেন তিনি।

এদিকে ইউক্রেনে রুশ আগ্রাসন দেশটির অর্থনীতিতে কেমন প্রভাব ফেলবে তা নিয়ে জরুরি বৈঠকে বসেছেন আমদানী নির্ভর জীবাশ্ম জ্বালানির দেশ দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। এখন পর্যন্ত তেমন প্রভাব পড়তে শুরু করেনি বলে জানান দেশটির প্রথম উপ-অর্থমন্ত্রী লি ইয়োগ-ওইয়ন। তবে ইউক্রেনে পরিস্থিতি খারাপ হতে শুরু করলে জ্বালানি সরবরাহ চেইনে বিঘ্ন ঘটতে ও বাজারে অস্থিরতা বাড়তে পারে। এছাড়া গম ও ভুট্টার জন্য রাশিয়া ও ইউক্রেনের ওপর বহুলাংশে নির্ভর করে দক্ষিণ কোরিয়া। তবে লি বলেছেন, জুন বা জুলাই পর্যন্ত যোগান দেয়ার মতো যথেষ্ট শস্য মজুদ আছে দেশটিতে।

ইউক্রেনের তিন দিক দিয়ে প্রায় দেড় লাখ সেনা দিয়ে ঘিরে ফেলার জবাবে ইতিমধ্যে রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউরোপীয় নেতারা। ইউক্রেনে রুশ আক্রমণ অনিবার্য বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রীর আগামীকাল বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিতব্য একটি বৈঠক বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তার মতে, এই বৈঠক অর্থহীন কারণ শান্তিপূর্ণ পথে সংকট এড়ানোর কোনো ইচ্ছা রাশিয়ার নেই।

এদিকে জার্মানি জানিয়েছে, রাশিয়া থেকে আনা নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইনের অনুমোদন প্রক্রিয়া স্থগিত করেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.