রাজনীতি নিষিদ্ধ কওমি শিক্ষার্থী ও শিক্ষকদের

ওয়ান নিউজ ডেক্সঃ কওমি মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকদের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

রোববার কওমি মাদরাসার সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বোর্ড আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া ও কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদ্ররাসিন আরাবিয়া এ সিদ্ধান্ত জানায়। পরে এ বিষয়ে পৃথক বিবৃতিও পাঠানো হয়েছে সংবাদমাধ্যমে।

গত মাসে মোদি সফরের আন্দোলনে তাণ্ডব চালানোর জেরে কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের নেতাদের ধরপাকড়ের মধ্যে এ সিদ্ধান্ত আসলো।

বিবৃতির আগে রাজধানীর যাত্রাবাড়ির জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসায় কওমি বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে বৈঠক হয়। এতে সম্প্রতি গ্রেপ্তার হওয়া ওলামা, ইমাম, শিক্ষার্থীদের মুক্তি দাবিও জানানো হয়েছে।

কওমি মাদরাসা কেন্দ্রিক যাবতীয় সিদ্ধান্ত একমাত্র হাইয়াতুল উলাইয়া নেবে বলেও বেফাকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে বেফাকের অধীনে থাকা ছয়টি সিদ্ধান্তের বাহিরে কেউ আলাদা সিদ্বান্ত নিতে পারবে না।

‘বৈঠকে নেয়া এসব সিদ্ধান্ত সরকারের কাছেও পৌঁছাতে চায় বেফাক। সেজন্য তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হবে। যারা বেফাকের নেয়া এসব সিদ্ধান্ত নিয়ে সরকারের প্রতিনিধির সঙ্গে আলোচনা করবেন।’

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান, নুরুল ইসলাম, মাহফুজুল হক, আব্দুল কুদ্দুস, আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর) সহ অনেকে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.