ডেস্ক নিউজ:
যুবলীগের আইন বিষয়ক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে।
এ বিষয়ে শনিবার রাতে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন গণমাধ্যমকে জানান, যুবলীগ থেকে তাকে অব্যাহতি দেয়ার কথা তিনি শুনেছেন। তবে এখনো কোনও চিঠি পাননি। চিঠি পাওয়ার পরই এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবেন তিনি।
এর আগে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসেন খান নিখিল জানান, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজের জন্য তাকে অব্যাহতি দেয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৪ আগস্ট রাত ১২টা ১ মিনিটে শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের একটি দলীয় কর্মসূচিতে স্লোগান দিয়েছিলেন সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন। “শুভ শুভ দিন শেখ কামালের জন্মদিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” ওই স্লোগানের ২৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। প্রকাশ্যে রাজনৈতিক প্রোগ্রামে অংশ নিয়ে স্লোগান দেয়ায় ওসি সরকারি বিধিমালা ১৯৭৯ লঙ্ঘন করেছেন এমন কথাও বলেন কেউ কেউ।
এই ঘটনার পর যুবলীগ নেতা ব্যারিস্টার সুমন সবচেয়ে বেশি সমালোচনা করেন। ৬ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে ওসির এই স্লোগানের নিন্দা জানান ব্যারিস্টার সুমন।
সূত্র জানায়, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের রাজনীতিতে সম্পৃক্ত থেকে দল ও মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা স্লোগানের প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখানোর কারণে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগেও এমন ‘অতিবিপ্লবী আচরণ’-এর জন্য ব্যরিস্টার সুমনকে যুবলীগ থেকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছিল। তবে সেই শোকজের ‘সঠিক’ জবাব সুমন দিতে পারেননি বলে যুবলীগ থেকে জানানো হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.