বিশেষ প্রতিবেদক:
যুগ্ম জেলা ও দায়রা জজ পদোন্নতি পেয়েছেন কক্সবাজারের সন্তান আবু সালেম মোহাম্মদ নোমান। তাকে চট্টগ্রাম জেলা জজশীপে নিয়োগ দেওয়া হয়েছে।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের বিচার বিভাগের বিচার শাখার উপসচিব (প্রশাসন-৩) শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত ৩৫১ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
আবু সালেম মোহাম্মদ নোমান কক্সবাজার শহরের প্রধান সড়কস্থ রুমালিয়ার ছরার রেক্টর ভবনের মালিক এ.এস. এম ইলিয়াছ ও মনিফা বেগমের জ্যেষ্ঠ সন্তান।
তাঁর পিতামহ কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাসেমিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, মরহুম আলহাজ্ব মাওলানা মুজহের আহমদ।
মাতামহ বিশিষ্ট ব্যবসায়ী কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ার ছরার বাসিন্দা মরহুম শের আলী মিয়া।
আবু সালেম মোহাম্মদ নোমান চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম করেছেন কৃতিত্বের সাথে। অসাধারণ মেধাবী আবু সালেম মোহাম্মদ নোমান ২০১০ সালে ৪র্থ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বিচার বিভাগের একজন সদস্য হওয়ার গৌরব অর্জন করেন।
চাকুরী জীবনের শুরুতে ২০১০ সালের ১৭ জানুয়ারি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যোগদান করেন দৃঢ় আত্ম প্রত্যয়ী আবু সালেম মোহাম্মদ নোমান। ২০১৪ সালে সিনিয়র সহকারী জজ হিসাবে পদোন্নতি পেয়ে চাঁদপুর জেলা জজশীপে দায়িত্ব পালন করেন।
এরপর ২০১৬ সাল হতে ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসাবে চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়িত্ব পালন করেছেন সফলতার সাথে।
আবু সালেম মোহাম্মদ নোমানের স্ত্রী ডা. রোকসানা শিরিন লিনা ৩৩ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সদস্য। লিনা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের এনাটমি বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত রয়েছেন।
উল্লেখ্য, আবু সালেম মোহাম্মদ নোমানসহ একই পদমর্যাদার ৫০ বিজ্ঞ বিচারককে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে দেশের বিভিন্ন বিচারালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.