যশোরে বন্দুক যুদ্ধে নিহত ২জন

ইয়ানূর রহমান : যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় মধ্যরাতে কথিত গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

পুলিশের দাবি, এরা মাদকের কারবারি। সোমবার দিবাগত রাত তিনটার পর এই ঘটনা ঘটে চাঁচড়া রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে।

ভোর পৌনে চারটার দিকে পুলিশ কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম লাশ দুটি জেনারেল হাসপাতালে আনেন। হতভাগ্য ওই দুই ব্যক্তির মাথায় গুলিবিদ্ধ হয়েছে। আগের কয়েকটি ঘটনার মতো এদেরও মাথার খুলি উড়ে গেছে গুলিতে।

এসআই মঞ্জুরুল বলেন, চাঁচড়া এলাকায় দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে বলে খবর পেয়ে পুলিশ সেখানে হাজির হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র মাদক বিক্রেতারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে দুটি মরদেহ মেলে।

হাসপাতালে সুত্রে জানা যায়, গুলিতে নিহত দুইজনের মাথার খুলি উড়ে গেছে । এদের একজনের গায়ে লাল গেনজি ও চেক লুঙি, আরেকজনের পরনে চেক লুঙি রয়েছে। দুইজনের বয়সই চল্লিশের কোঠায়। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলির খোসা এবং দুই প্যাকেট ইয়াবা উদ্ধার হয়েছে।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার শফিউল্লাহ সবুজ জানান, হাসপাতালে আনার আগেই গুলিবিদ্ধ ওই দুই ব্যক্তি মারা গেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.