যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যূ ৫ ; শনাক্ত ৫৭%

ইয়ানূর রহমান : যশোরে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৫ জন ও নতুন করে আরো ৪৫৪ জনের শনাক্ত হয়েছে। শনাক্তের এ ঊর্ধ্বগতি রুখতে কঠোর লকডাউন কার্যকরের চেষ্টা করছে জেলা প্রশাসন। তবে কিছু মানুষের অসচেতনতা, বেপরোয়া চলাফেরা এবং শ্রমজীবী মানুষ কাজের সন্ধানে বের হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। মানুষের মাঝে রয়েছে মাক্স ব্যবহারের অনিহা। অনেক সচেতন মানুষ সহ জনপ্রতিনিধিরাও মাক্স ব্যবহার করেনা বলে অভিযোগ রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সুত্র বলছে, গত ২৪ ঘণ্টায় ৮০০টি নমুনা পরীক্ষা করে ৪৫৪টি পজেটিভ ফল পাওয়া গেছে। শনাক্তের হার প্রায় ৫৭ শতাংশ। আজ মারা গেছেন পাঁচজন। এদের মধ্যে একজন করোনা রোগী বলে শনাক্ত হয়েছিলেন। অন্য চারজনের শরীরে করোনার উপসর্গ ছিল। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ১৪১ জন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে প্রকাশিত ফলাফলে বলা হয়েছে, গতকাল তারা সন্দেহভাজন করোনা রোগীদের শরীর থেকে সংগ্রহ করা মোট ৭১৫টি নমুনা পরীক্ষা করেন। এর মধ্যে ৩৮৫টি পজেটিভ রেজাল্ট দেয়। এই তথ্য জেলার সিভিল সার্জনের কার্যালয়ে পাঠিয়ে দিয়েছে যবিপ্রবি কর্তৃপক্ষ।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, ‘আমরা যশোর জেলায় কঠোর লকডাউন কার্যকর করে চলেছি। আশা করেছিলাম সংক্রমণের হার কমবে। কিন্তু সাধারণ মানুষের অসচেতনতা এবং বেপরোয়া চলাফেরার কারণে সংক্রমণ ঊর্ধ্বগতি কমেনি। আশা করবো, যশোরের মানুষ আরো সচেতন হবে। সবাই ঘরে থাকুন। বিশেষ প্রয়োজনে বাইরে বেরুতে হলে মাক্স পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলুন।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.