মেয়র মুজিবের ১ কোটি নয় লাখ টাকা জব্দ

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের ছেলে-মেয়ের দুটি ব্যাংক হিসাব থেকে এক কোটি নয় লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কক্সবাজার সদরের ইভান প্লাজায় সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখায় রোববার অভিযান চালিয়ে মেয়রের ছেলে হাসান জাইন রহমান অ্যারন ও মেয়ে লাইবা রহমানের নামে খোলা হিসাব দুটি জব্দ করে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর একটি দল।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা বলেন, ‘দুই অ্যাকাউন্ট থেকে মোট এক কোটি নয় লাখ টাকা জব্দ করা হয়েছে। ফিক্সড ডিপোজিট রেট (এফডিআর) হিসেবে এই অর্থ জমা রাখা হয়েছিল।’

সম্প্রতি মেয়রের শ্যালক মিজানুর রহমানের ব্যাংক হিসাব থেকে চার কোটি টাকা জব্দ করেছে দুদক।
কক্সবাজারের এই মেয়রের বিরুদ্ধে সরকারি জমি অধিগ্রহণে জমির প্রকৃত মালিককে বঞ্চিত করে জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

এর আগে গত ১৭ সেপ্টম্বর মুজিবুর রহমান, স্ত্রী ফারহানা রহমান, শ্যালক মিজানুর রহমানের নামে মোট ৮টি খতিয়ান জব্দ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৮ টি খতিয়ানের মধ্যে মেয়র মজিবুর রহমানের নামে ৩টি, স্ত্রীর নামে একটি এবং শ্যালকের নামে ৪টি।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কক্সবাজার শাখা থেকে মেয়র মুজিবুর রহমান ও তার পরিবারের ১১টি একাউন্ট থেকে ১৭ লাখ ৪৮ হাজার ৩৯০ টাকা জব্দ করেছিল দুদক।

পাশাপাশি কক্সবাজারের সকল ব্যাংকের শাখায় পৌর মেয়র ও তার পরিবারের নামে যেসব একাউন্ট রয়েছে তার হিসাব চেয়ে লিখিত চিঠি দিয়েছে দুর্নীতি দমনে নিয়োজিত সরকারি তদন্ত সংস্থাটি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.